এবার ঘরে ফেরো আন্দোলন সফল
ডেস্ক রিপোর্ট : সম্প্রতি সড়ক দুর্ঘটনায় সহপাঠী হারানোর শোকে-দুঃখে-ক্ষোভে এক সপ্তাহ ধরে রাজপথ দখল করে রেখেছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে তারা গড়ে তুলেছে দুর্বার আন্দোলন। সরকারের প্রতি ৯ দফা দাবি জানিয়ে তা বাস্তবায়নের জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
দাবানলের মতো তাদের সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশেও। বাধ্য হয়ে সরকার দাবি মেনে নিয়েছে, দাবি বাস্তবায়নের জন্য নিয়েছে নানা উদ্যোগ। এ অবস্থায় বিশিষ্টজনরা কোমলমতি শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, তোমাদের আন্দোলন সফল। এবার তোমরা ঘরে ফিরো, ক্লাসরুমে ফিরো। বিশিষ্টজনদের সঙ্গে কথা বলেছেন নিজস্ব প্রতিবেদক নওশাদ জামিল।
শিক্ষার্থীদের এখন ঘরে ফিরে যাওয়াই উচিত : আনিসুজ্জামান
সড়কে নৈরাজ্য ও অনিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মনের ভেতর তীব্র ক্ষোভ ছিল, প্রতিবাদ ছিল। সেটি অস্বাভাবিকও নয়। সেই ক্ষোভেই তারা রাজপথে নেমে এসেছিল নিরাপদ সড়কের দাবিতে। নিরাপদ সড়কের দাবি তো সবারই। এক সপ্তাহ ধরে আন্দোলন ও অবরোধ করে তারা সেই দাবিটিই মানুষের কাছে তুলে ধরেছিল। সরকারের কাছে দাবি জানিয়েছিল তাদের দাবি মানতে ও বাস্তবায়ন করতে। তাদের সেই দাবি সরকার মেনে নিয়েছে। বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, শিক্ষার্থীদের আন্দোলন আপাতত সফল হয়েছে। তারা যে বার্তাটি দিতে চেয়েছিল, সেটি মানুষের কাছে পৌঁছেছে।
দুঃখজনক হলেও সত্য, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নানা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। নোংরা রাজনীতি শুরু হয়েছে। এরই মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। চারদিকে নানা গুজব রটানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। শিক্ষার্থীদের এখন ধৈর্য ধরতে হবে।
রাজপথ ছেড়ে ক্লাসরুমে ফিরতে হবে। কেননা এখনো যদি তারা রাজপথে থাকে, নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই আপাতত তাদের আন্দোলন স্থগিত রাখা উচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। কিছু দাবি বাস্তবায়নের জন্য সময়ের প্রয়োজন রয়েছে। তাই এখন শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়াই উচিত। সরকার যদি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন না করে, তাহলে আবার তারা রাজপথে নামতে পারবে।
শিক্ষক ও অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো : রাশেদা কে চৌধুরী
প্রথমেই বুঝতে হবে শিক্ষার্থীরা কেন রাজপথে নেমে এসেছিল। আমরা যদি তাদের মনোভাবটা বুঝতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষার্থীরা গণপরিবহনে নৈরাজ্য দেখেছে, দেখেছে চোখের সামনে তাদের সহপাঠীদের মর্মান্তিক মৃত্যু। কোমলমতি শিক্ষার্থীরা দেখেছে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় নানা আস্থাহীনতা। ফলে তারা সহপাঠী হারানো শোকে ও ক্ষোভে রাস্তায় নেমে এসেছিল। দাবি করছিল নিরাপদ সড়কের। তাদের দাবি যৌক্তিক ও বাস্তবসম্মত। টানা কয়েক দিন ধরে তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করছে, সড়কের ট্রাফিক কন্ট্রোল করছে। পাশাপাশি তারা নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিনামাও উত্থাপন করেছে। তাদের আন্দোলন সফল হয়েছে। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন তাদের দাবি মেনে নেওয়ার ও বাস্তবায়ন করার। এরই মধ্যে আমরা কিছু পদক্ষেপও দেখেছি। এখন শিক্ষার্থীদের বলব কিছুদিন ধৈর্য ধরতে। শিক্ষার্থীদের বলব ঘরে ফিরে যেতে, ক্লাসে ফিরে যেতে।
আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখনো ঘরে ফিরছে না, ক্লাসেও ফিরছে না। রাজপথ দখল করে তারা আন্দোলন ও অবরোধ করছে। তাদের আন্দোলনে ছদ্মবেশে ঢুকে পড়ছে নানা অপশক্তি। কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মারামারি ও হাতাহাতি হয়েছে। আমরা চাই না, কোমলমতি শিক্ষার্থীদের কোনো ক্ষতি হোক আবার কোনো রক্তপাত হোক। এ অবস্থায় শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের উচিত, তাদের বুঝিয়ে ক্লাসে ফেরানো। শিক্ষার্থীদের আন্দোলন সফল। সেটা এখন কেউ যেন পানি ঘোলা না করতে পারে, অপশক্তি যেন ফায়দা লুটতে না পারে সে জন্যই সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু ও শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের দাবিদাওয়া পূরণে নানা পদক্ষেপ নিয়েছেন। দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও আন্তরিক শিক্ষার্থীদের দাবির প্রতি। এ অবস্থায় আমিও মনে করি, শিক্ষার্থীদের ক্লাসে ফেরত যেতে হবে। শিক্ষাপ্রধানদের কাছেও অনুরোধ থাকবে, আপনারা সন্তানদের বুঝিয়ে ক্লাসে ফেরত নিন। অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সন্তানদের ঘরে ফেরত নিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কিছু দাবি পূরণের জন্য উদ্যোগ নিয়েছেন। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। তবে এটা ঠিক, সরকার যদি শিক্ষার্থীদের দাবি পাশ কাটিয়ে যায়, তাহলে শিক্ষার্থীদের জন্য রাজপথ তো খোলাই রইল। দাবি পূরণ না হলে তারা আবার রাজপথে নামতে পারবে।
আন্দোলন দীর্ঘস্থায়ী করার পরিস্থিতি নেই : জুয়েল আইচ
সব কিছুর একটা সীমারেখা থাকে। যেমন ধরা যাক, একটা বেলুন ফোলানোর কথা। কতটুকু ফোলানো হবে, সেটারও একটা সীমা থাকে। সেই সীমা অতিক্রম হলে বেলুন ফেটে যায়, সুফল পাওয়া যায় না। তেমনি শিক্ষার্থীদের এই আন্দোলনের মাধ্যমে কষ্টার্জিত যে অর্জন তা ধরে রাখার জন্য লাগামহীন কিছু করা যাবে না। এই অর্জনকে কিছুতেই হারানো চলবে না। এটার এখন সফল পরিণতি দরকার। সে জন্যই আপাতত তাদের আন্দোলন থামাতেই হবে।
গণজাগরণ মঞ্চের যে আন্দোলন তা শক্ত হাতে অনেক দিন ধরে রাখা সম্ভব হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী করার মতো তেমন পরিস্থিতি নেই। এই আন্দোলনের মধ্যে দুষ্টু লোকজন ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। সময় এসেছে একটা সমঝোতায় উপনীত হওয়ার। সব পক্ষকেই এ সমঝোতার জন্য এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত রাখা উচিত : ইলিয়াস কাঞ্চন
দুই যুগ আগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল আমার স্ত্রী। প্রিয়জন হারানোর ব্যথা আমি বুঝতে পারি। সেই শোক বুকে চেপে আমি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। গড়ে তুলেছি নিরাপদ সড়ক চাই (নিসচা) নামের সংগঠন। সংগঠনটির ব্যানারেও নানা কর্মসূচি যেমন পালিত হচ্ছে, তেমনি নিজ উদ্যোগেও নিরাপদ সড়কের দাবিতে নানা কাজ করছি। নিরাপদ সড়কের দাবিটি আমাদের শিক্ষার্থীরা উপলব্ধি করতে পেরেছে। তারা যখন আন্দোলনে নেমেছে, ব্যক্তিগতভাবে আমি খুশিই হয়েছি। কেননা তাদের দাবি তো আমার প্রাণের দাবিই। শিক্ষার্থীরা প্রাথমিকভাবে আন্দোলনে সফল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত রাখা উচিত।
শিক্ষার্থীদের উদ্দেশে বলব, তোমাদের দাবির সঙ্গে দেশের প্রতিটি মানুষের সমর্থন রয়েছে। কারণ নিরাপদ সড়কের দাবি এখন মানুষের প্রাণের দাবি। সরকারও তোমাদের দাবি মেনে নিয়েছে। কিছু উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছে। এখন শিক্ষার্থীদের ঘরে ফিরতে হবে, ক্লাসরুমে ফিরতে হবে। তোমাদের দাবি যদি যথাযথভাবে পূরণ না হয়, তোমরা আবার রাজপথে নামবে। তখন তোমাদের সঙ্গে আমিও রাজপথে নামব, আন্দোলন করব।
ব্যক্তিগতভাবে আমি মনে করি, দু-চার দিনেই সব পাল্টে যাবে না। এর জন্য কিছু সময় দিতে হবে। নিরাপদ সড়কের জন্য অনেক বিষয়ে গুরুত্ব দিতে হবে। কঠোর আইন যেমন দরকার, তেমনি এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় চালকরাই শুধু দায়ী নন। সচেতন হতে হবে সবাইকে। ওভারটেক, ওভারস্পিড যেমন নিয়ন্ত্রণ করতে হবে তেমনি ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। উল্টো পথে গাড়ি চালানো পুরোপুরি বন্ধ করতে হবে। চালকদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। প্রত্যেক যাত্রীরও সচেতন হতে হবে।
শিক্ষার্থীদের ধন্যবাদ জানাব, তারা নিরাপদ সড়কের দাবিটি মানুষের প্রাণের দাবিতে রূপান্তর করেছে। এক সপ্তাহ ধরে তারা লাগাতার আন্দোলন করছে। অবরোধ কর্মসূচি পালন করছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সড়কে কত নৈরাজ্য রয়েছে, কত বিশৃঙ্খলা রয়েছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও টনক নড়েছে।
শিক্ষার্থীদের বলব, এবার ঘরে ফেরো। ক্লাসরুমে ফেরো। কেননা এখন আমি শিক্ষার্থীদের নিয়ে চিন্তিত। তাদের নিয়ে শুরু হয়েছে নোংরা রাজনীতি। রাজনীতিবিদরা কতটা অমানবিক হতে পারে, কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করতে পারে, সেটা ভাবতেও ঘৃণা হয়। চারদিকে নানা গুজব ছড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের সঙ্গে মিশে যাচ্ছে সুযোগসন্ধানীরাও। শিক্ষার্থীদের নিয়ে বেশ চিন্তা হচ্ছে আমার। তাই বলতে চাই, শিক্ষার্থীদের এবার ঘরে ফেরা উচিত। সরকার যদি দাবিগুলো বাস্তবায়ন না করে, তাহলে আবার আমরা রাজপথে নামব। সূত্র : কালের কণ্ঠ











