মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তোরা আমার ধর্মের বাপ, আমার ছেলেরে আর কুপাইস না’

news-image

‘তোরা আমার ধর্মের বাপ, তোদের পায়ে পড়ি, আমার ছেলেরে আর কুপাইস না’-কান্নাজড়িত কণ্ঠে এভাবেই ছেলে বাবলুর হত্যাকারীদের ফাঁসির দাবি জানান কামরুন্নেসা বেগম।আজ শনিবার দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদ সভায় এ দাবি করেন কামরুন্নেসা।

ওই প্রতিবাদ সভায় নিলখী, ঘারমোড়া, দুলালপুর ও জয়পুর ইউনিয়নের সহশ্রাধিক নারী পুরুষের অংশগ্রহণ করেন।এর আগে গত মঙ্গলবার উপজেলার মধ্যকান্দি গ্রামের বালু ব্যবসায়ী বাবলুকে (৩২)ফোন করে ডেকে নিয়ে দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পর দিন বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘ্টনায় অভিযুক্ত করে বুধবার রাতে একই গ্রামের জলিল আমিন ও তার ছেলেসহ ২৪ জনকে আসামি করে কামরুন্নেসা বেগম বাদি হয়ে হোমনা থানায় মামলা করেন।দুর্বৃত্তদের নাম উচ্চারণ করে কামরুন্নেসা বেগম বলেন, ‘বাড়ি থেকে ডেকে এনে আমার ছেলেকে খুন করছে। আমার চোখের সামনে তারা আমার ছেলেকে কুপাইছে। তাদের পায়ে ধরেছি। বলেছি, তোরা আমার ধর্মের বাপ, তোদের পায়ে পড়ি, আমার ছেলেরে আর কুপাইস না…।’

কান্নাজড়িত কণ্ঠে কামরুন্নেসা বলেন, ‘একবার এর পায়ে, আরেকবার ওর পায়ে ধরি। কেহই আমার কথা শুনল না।’হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- নিলখী উউনিয়নের চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন, ওয়ার্ড মেম্বার মো. বাদল, নিহত বাবলুর বন্ধু আল আমিন, আসমা বেগম, আসামীর ছোট ভাই জয়নাল আবেদীন, শ্রমিকনেতা মো. নজরুল ইসলাম প্রমুখ।