বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব-নুসরাতের নতুন গানে ইউটিউবে ঝড় (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক:ঢালিউড এবং টালিউড, দুই ইন্ডাস্ট্রি সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন সুপারস্টার শাকিব খান। দুই দেশেই তার সিনেমা দারুণ সাফল্য পাচ্ছে। শাকিবের কলকাতা জয়ের আগামী পর্ব ‘নাকাব’। এই ছবি দিয়ে তিনি সেখানকার শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঘরে প্রবেশ করলেন। এরই মধ্যে পোস্টার, ট্রেলার ও একটি গান দিয়ে ব্যাপক আলোচিত হয়েছে ‘নাকাব’।

এদিকে নতুন করে প্রকাশ হয়েছে ‘নাকাব’ ছবির নতুন গান। এর শিরোনাম ‘তখন বাজে বারোটা’। শুক্রবার (৩ আগস্ট) বিকালে এসভিএফের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় গানটি। আর প্রকাশের মাত্র ২১ ঘন্টায় গানটি ছাড়িয়ে গেছে এক মিলিয়ন দর্শকের মাইলফলক। প্রতিবেদনটি লেখার সময় ‘তখন বাজে বারোটা’ গানের দর্শক ১০ লাখ ৬২ হাজারের বেশি। এছাড়া ২৬ হাজারের বেশি লাইক ও প্রায় ৬ হাজার মন্তব্যও জমা পড়েছে এই গানে।
‘তখন বাজে বারোটা’ গেয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক নাকাশ আজিজ, গোপিকা গোস্বামী, দেব সেন ও তানিশ। প্রসেনের কথায় গানের সুর ও সংগীতায়োজন করেছেন দেব সেন।গানের দৃশ্যে শাকিব খান ও নুসরাত জাহানকে দেখা গেছে নানারূপি পোশাকে। মাঝেমধ্যে তাদের সঙ্গ দিয়েছেন নৃত্যশিল্পীরা। দৃষ্টিনন্দন লোকেশনে ধারণ করা হয়েছে ‘তখন বাজে বারোটা’ গানের চিত্র।

‘নাকাব’ ছবিটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। এতে শাকিব খান অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। যার একটি চরিত্র ভুত! শাকিবের সঙ্গে আছেন কলকাতার দুই জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ও নুসরাত জাহান। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন খ্যাতিমান অভিনেতা রুদ্রনীল ঘোষ। আগামী কোরবানির ঈদে ‘নাকাব’ মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
দেখুন ‘তখন বাজে বারোটা’: