পুলিশ সার্জেন্টকে পিটুনি, মোটরসাইকেলে আগুন
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দালনের মধ্যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এক ট্রাফিক সার্জেন্টকে পিটুনি দিয়েছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এসময় তার মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদের মোটর বাইকের লাইসেন্স দেখতে চায় আন্দোলনরত কিছু শিক্ষার্থীরা।
এ সময় তিনি লাইসেন্স না দেখিয়ে বরং ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ইস্টার্ন ইউনিভার্সিটির একজন ছাত্র।
তিনি বলেন, ওই পুলিশ সার্জেন্ট আমাদের একজনকে ধাক্কা দেয়। তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে তিনি মোটর বাইক ফেলে দৌঁড় দেন। পরে তাকে ঘিরে ফেলে পিটুনি দেওয়া হয়।
আহত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদকে পরে সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। এসময় তার মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।











