লাইসেন্স ছিল না, বাসচাপার দায় স্বীকার চালকের
নিজস্ব প্রতিবেদক: বাসচাপায় দুই শিক্ষার্থীকে হত্যার দায় স্বীকার করেছেন জাবালে নূর বাসের চালক মাসুম বিল্লাহ। এছাড়াও জাবালে নূর বাসটি চালানোর জন্য উপযুক্ত লাইসেন্সও তার ছিল না বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
বিমানবন্দর এলাকায় বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার (০১ আগস্ট) গ্রেফতার হয় মাসুম বিল্লাহ। এরপর তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।বৃহস্পতিবার (০২ আগস্ট) রিমান্ডের দ্বিতীয় দিনে মাসুম বিল্লাহ পুলিশের কাছে এ স্বীকারত্বি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম বলেন, মাসুম বিল্লাহ গাড়ি চাপায় হত্যার দায় স্বীকার করেছেন। তার ড্রাইভিং লাইসেন্স পর্যালোচনা করে দেখা যায় তার কাছে রয়েছে হালকা গাড়ি চালানোর লাইসেন্স। যা দিয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালানো যায়। যা জাবালে নূর বাসটি চালানোর জন্য কোনোভাবেই উপযুক্ত না।
রিমান্ডে মাসুম বিল্লাহ বলেছেন, তার গাড়ির চাপাতেই ওই দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
এর আগে, বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা এ রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (২৯ জুলাই) জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। বুধবার (১ আগস্ট) শিক্ষার্থীদের আন্দোলন ঢাকার পর চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
নিহত দু্ই শিক্ষার্থী হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব।
ওই ঘটনায় জাবালে নূরের তিন গাড়ির দুই চালক ও দুই হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-১। তার আগে ওই ঘটনায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। এ মামলা নং ৩৩(৭)১৮। মামলাটি ক্যান্টনমেন্ট থানা থেকে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হন্তান্তর করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্ত করছেন ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের জেরে বৃহস্পতিবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ব্যানার ফেস্টুন হাতে থাকা শিক্ষার্থীদের শ্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ। সূত্র: পূর্বপশ্চিম











