বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এগুলো কী হচ্ছে? প্রশ্ন সোহেল তাজেরও

news-image

ডেস্ক রিপোর্ট: বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তানজিম আহমেদ সোহেল তাজ।

বুধবার (১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজ প্রশ্ন করেন, ‘এগুলো কী হচ্ছে?’

সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্টে প্রকাশিত তিন ছবির একটিতে দেখা যায়, কয়েকজন স্কুলছাত্রীকে লাঠি হাতে ধাওয়া করছেন এক পুলিশ কর্মকর্তা। আরেকটিতে দেখা যায়, এক স্কুলছাত্রের কলার চেপে ধরে তাকে শাসাচ্ছেন আরেকজন পুলিশ কর্মকর্তা। তৃতীয় ছবিটিতে দেখা যায়, এক শিশুর গলা চেপে ধরেছেন আইন-শৃঙ্খলায় নিয়োজিত পুলিশের আরেকজন কর্মকর্তা।

গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া দুই বাসের চাপায় নিহত হন একটি কলেজের দুই শিক্ষার্থী। আহত হন আরও কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে তখন থেকেই ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এই বিক্ষোভের মধ্যেই শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনাগুলি ঘটে। বাংলানিউজ ২৪।