মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘর প্রতি ১০ হাজার টাকা নেন ছাত্রলীগ নেতা!

news-image

‘জমি আছে, ঘর নাই প্রকল্পে’ প্রতি ঘর বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর থানার স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তবে ছাত্রলীগ নেতার দাবি একটি পক্ষ তাকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য অপপ্রচার চালাচ্ছে।বৈঠামারী গ্রামের আমছর খা’র ছেলে এরশাদ মিয়া জানান, ঘর দিবে বলে বোররচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি আমার কাছ থেকে প্রায় দেড় মাস আগে ১০ হাজার ৫ শ টাকা নিয়েছে। কিন্তু আমি এখনও কোন ঘর পাইনি। এখন আমি মনির কাছে ঘর দাবি করলে সে বিষয়টি এড়িয়ে যান।

ওই গ্রামের সোহরাব আলীর ছেলে জহিরুল ইসলাম বলেন, এরশাদ মিয়া আমার সামনে মনিকে ঘর বাবদ ১০ হাজার ৫ শত টাকা দিয়েছিল। কিন্তু মনি এখন তাকে ঘরও দিচ্ছে না; টাকাও ফেরত দিচ্ছে না।আরও কারোর কাছ থেকে টাকা নিছে কিনা এমন প্রশ্নের জবাবে এরশাদ মিয়া জানান, ওই একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোস্তফা আমার সামনে মনিকে ১২ হাজার টাকা দিয়ে ঘর পেয়েছে। তবে মোস্তফার স্ত্রী প্রথমে টাকা দেয়ার কথা স্বীকার করলেও। পরে মোস্তফা মনিকে টাকা দেয়ার বিষয়টি অস্বীকার করেন।

পরিচয় গোপন রাখার শর্তে বৈঠামারী গ্রামের একজন জানান, আমি একটি ঘরের জন্য গরু বিক্রি করে বড় ভাইয়ের মাধ্যমে মনিকে ১৫ হাজার টাকা দিয়েছি। পরে আমাকে ঘর দেয়া হয়েছে।বোররচর ইউনিয়ন পরিষদের চৌকিদার আক্কাছ আলী জানান, আমি গিয়েছিলাম মনির কাছে একটা ঘর চাইতে। সে আমার ১৫ হাজার টাকা চাইছে। টাকা দিতে না পারায় মনি আমাকে ঘর দেয়নি। অপরদিকে কালা মিয়া নামে এক জন বলেন, আমার কাছে থেকে মনি ১৫ হাজার টাকা নিয়ে ঘর দিতে না পারায় টাকা ফেরত দিয়েছে।

বোররচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, পারিবারিক শত্রুতার জেরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে আমি কারো সাথে কোন প্রকার টাকার লেনদেন করিনি।বোররচর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘর বাবদ উত্তোলনের টাকা নিয়ে কিছুদিন আগে ছাত্রলীগ নেতা আইয়ুব আলী এবং মনির মধ্যে ঝগড়া হয়। পরে আমি বিষয়টি মীমাংসা করে দেই।

তিনি আরো বলেন, যারা দুই শতাংশ জমির কাগজ দিছে তাদের কাছ থেকে মনি ১৫ হাজার করে টাকা নিয়ে তাদের ঘর দিছে। যারা টাকা দিতে পারেনি, তাদের ঘর দেয়নি।বোররচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, প্রায় তিন মাস আগে ১৮টি ঘরের বরাদ্ধ আসে। ঘর গুলো দেয়ার আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এ্যাসিল্যান্ড, স্থানীয় চেয়ারম্যান এবং আমি নিজে পরিদর্শন করে তালিকা তৈরি করি।

তবে আগের নায়েব সাহেব ৫০টি ঘরের তালিকা করেছিল। কিন্তু ওই তালিকায় এখনো বরাদ্ধ আসেনি। ওই তালিকা আসলে আমরা নতুন করে ট্যালি করব। তারপর বাকিদের ঘর দেয়া হবে। তবে কোন প্রকল্পে ৫০টি ঘরের তালিকা করা হয়েছিল। সে প্রকল্পের নাম বলতে পারেননি তিনি।তিনি আরোও বলেন, আমি নিজে এই ঘর গুলো দেখাশোনা করছি। এখানে টাকার লেনদেন হচ্ছে না। আর হলেও আমার এ বিষয়ে কিছু জানা নাই।বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী (বুধু) জানান, আমি বা আমার কোন ইউপি সদস্য এ কাজে জড়িত নয়। আমি এ বিষয়ে কারো কাছে জবাব দিতে রাজি না। একজন হতদরিদ্রের জন্য আমি নিজে সুপারিশ করে একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছি।

টাকার লেনদেনের বিষয়ে কোন কথা শুনলে আমি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেই। তবে সরেজমিনে যান, ঘটনার সত্যতা পেলে পেতেও পারেন।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সেলিম আহমেদ বলেন, জুন মাসের মাঝামাঝি সময়ে সদর উপজেলার বোররচর ইউনিয়নের বৈঠামারী গ্রামে জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় ১৮ জন গৃহহীনদের জন্য ঘর তৈরির কাজ শুরু হয়। এখনও কাজ চলমান রয়েছে। ঘর প্রতি এক লাখ টাকা ব্যয় হচ্ছে। আমরা সরেজমিনে ঘুরে প্রকৃত গৃহহীনদের নামে ঘর প্রদান করেছি।তারপরেও যদি কেউ ঘর পাওয়ার জন্য কোন ছাত্রলীগ নেতাকে টাকা দেয় সেটা আমাদের দেখার বিষয় নয়। তবে কেউ যদি ঘর দিবে বলে কারো কাছ থেকে টাকা নেয়, এমন অভিযোগ আসলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।