বিআরটিএর অভিযানের কারণে পরিবহন সংকট, ভোগান্তিতে হাজারো মানুষ
রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মামলা, জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হচ্ছে।
বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় বিআরটিএ কর্মকর্তারা এ অভিযান শুরু করেন। আর এ কারণে সড়কে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। যার ফলে কর্মব্যস্ত দিনে সকালবেলাতেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সকাল ৯টা থেকে বিআরটিএর একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অভিযান শুরু করে। এ রাস্তা দিয়ে আসা পরিবহন, যেমন : বাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশার পাশাপাশি মোটরসাইকেল আটকিয়ে পরীক্ষা করা হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।
বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে এখানে অভিযান চালানো হচ্ছে। মূলত দুটি বিষয় দেখা হচ্ছে—এক, গণপরিবহনের ফিটনেস আছে কি না আর চালকদের লাইসেন্স সঠিক কি না। নির্বাহী হাকিম আবদুর রহিম সুজন সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রায় ৩০টি মামলা করেছেন এবং ৭০ হাজার টাকা জরিমানা করেছেন। সেখানে বিআরটিএ চেয়ারম্যানও রয়েছেন।
এরই মধ্যে সেখানে লাইসেন্স না থাকায় তিনজন চালককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআরটিএ।
এদিকে সকালে অফিসগামী অনেক মানুষকে সড়কে গণপরিবহন সংকটের কারণে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়েও তাঁরা কোনো যানবাহন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
গত রোববার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাবালে নূর পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করে মিরপুর থেকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের ওপর দিয়ে আসছিল। এ সময় ফ্লাইওভারের শেষ দিকে, রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল একদল শিক্ষার্থী। এর মধ্যে একটি বাস ফ্লাইওভার থেকে নেমেই দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় বেশ কয়েকজন।
নিহতরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।
ওই ঘটনার পর থেকেই বিমানবন্দর সড়কসহ বিভিন্ন এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গতকাল মঙ্গলবার এই বিক্ষোভের জেরে রাজধানীর ঢাকা প্রায় অচল হয়ে যায়।
এর মধ্যেই গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে একটি সভা হয়। সেখান থেকে ঢাকায় গণপরিবহনে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।











