বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও’

news-image

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হয়ে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আন্দোলনকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে আছে। দোষীদের বিচার হবে, শাস্তিও হবে। কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও।

এর আগে, বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা তৃতীয় দিনের মত রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করে শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়েছে রাজধানী। এই পরিস্থিতির মধ্যে দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিন সিটির নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সড়কে দুটি কচি প্রাণ ঝরে গেছে। এই ঘটনায় আমরা মর্মাহত। আমাদের সরকার চুপ করে বসে নেই।

সরকারে পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে। এখানে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাম্মী আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

প্রসঙ্গত, গত রোববার (২৯ জুলাই) দুই বাসের প্রতিযোগিতায় কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো বেশ কয়েকজন শিক্ষার্থী।