বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যরকম প্রতিবাদ

news-image

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের প্রতিযোগিতার কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সিএমএইচে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা শতাধিক গাড়ি ভাঙচুর ও একটি গাড়িতে অগ্নিসংযোগ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের দুটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬৫৭) মিরপুরের দিক থেকে বিমানবন্দর সড়কের দিকে আসার পথে ফ্লাইওভারেই একে অপরকে ওভারটেক করার চেষ্টা করে। পাল্লা দিয়েই বাস দুটি ফ্লাইওভার থেকে নামছিল। উড়াল সড়কের গোড়ায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীদের কয়েকজন বাসের জন্য অপেক্ষা করছিল, কয়েকজন দেয়ালের পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছিল সামনের দিকে। ঠিক ওই মুহূর্তে ঢাকা মেট্রো-ব-১১-৯২৯৭ নম্বর গাড়িটি চাপা দেয় শিক্ষার্থীদের। ঘটনাস্থলেই নিহত হয় এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী নাদিয়া খানম মীম ও দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল করিম রাজীব। আহত হয় সজিব, আরিসা আক্তারসহ ১০-১২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এই ‘হত্যাকাণ্ডের’ বিচারের দাবিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ হঠিয়ে দিলেও তারা ফের অবরোধ করে রাখে। এসময় ভিন্ন ভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা। তবে একজন ‘৩৩ জনের ডেডবডি’ সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়। প্রতিকী এই প্ল্যাকার্ডে নৌমন্ত্রীকে পরোক্ষভাবে সমালোচনা করা হয়।

বিচারের জন্য আরো ৩৩ টি লাশ দরকার! গতকাল নৌমন্ত্রীর বক্তব্যে ভারতের দুর্ঘটনার প্রসঙ্গ উদাহরণ হিসেবে যার প্রতিবাদে অনেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠে। আজ এক কিশোরকে খালি গায়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে থাকতে দেখা যায়।

সোমবার সকাল ১০টার দিকে নিরাপদ সড়ক ও এ-সংশ্লিষ্ট আরো কিছু দাবি নিয়ে তাঁদের অনেকেই রাস্তায় নেমে আসেন। শিক্ষার্থীরা কুর্মিটোলা ওভারপাসের পর থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন।

আর এতে ঢাকার অত্যস্ত গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটিতে যান ও মানুষ চলাচলে বিঘ্ন ঘটায় সবাইকে পড়তে হয় দারুণ বিপাকে। মূল ঢাকার সাথে উত্তরার প্রধান সংযোগ সড়কটি বন্ধ করে রেখেছেন শিক্ষার্ধীরা। সেই সাথে বন্ধ হয়ে গেছে গাজীপুর এবং দেশের উত্তর-পূর্ব অংশ থেকে আসা বিভিন্ন পরিবহনের ঢাকা প্রবেশ।

এ ছাড়াও ঢাকার বিভিন্ন অংশ থেকে উত্তরার গন্তব্যে যাওয়া যাত্রীরা পড়েছেন বিপদে। অনেককে জরুরি কাজ থাকায় হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

তবে, বিদেশগামী যাত্রী ও অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ছাড় দিয়েছেন শিক্ষার্থীরা। একই ঘটনায় প্রতিবাদে মিরপুর রোডের সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।