বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীরা সৌদি পৌঁছে ভোগান্তিতে

news-image

ডেস্ক রিপোর্ট : হজযাত্রা মোটামুটি নির্বিঘ্ন হলেও সৌদি পৌঁছে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। চারটি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এরইমধ্যে অভিযোগ পাওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এবারের হজযাত্রায় ছিল না ভিসা জটিলতা। ফ্লাইট বাতিলের মতো দু:সংবাদও নেই। বেশ স্বস্তিতেই দেশ ছাড়ছেন হজ যাত্রীরা। এরইমধ্যে ৪১ হাজার ৫৪৮ জন হজ যাত্রী পবিত্র মক্কায় পৌঁছে গেছেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখা দিয়েছে বিপত্তি। দুর্ভোগের শিকার হতে হচ্ছে অনেককেই। অভিযোগ উঠেছে, এজেন্সিগুলোর অনিয়মের কারণে বার বার কালিমা লাগছে অনেক অর্জনে।

অনিয়মের অভিযোগে এরইমধ্যে চারটি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয়। এরমধ্যে দুই এজেন্সির ১৪৮ জন হজযাত্রীর পাসপোর্টের পেছনে মোয়াল্লেম ও বাড়ি ভাড়ার তথ্য সম্বলিত কোনো স্টিকার না লাগানোর সত্যতা পাওয়া গেছে। যা নিয়ে সৌদি সরকারও জানিয়েছে প্রতিক্রিয়া।

তবে ভিন্ন কাণ্ড ঘটিয়েছে ক্যাসক্যাড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামের একটি এজেন্সি। নিয়ম ভেঙ্গে তারা মক্কায় আলাদা দুটি বাড়িতে রেখেছে এক দম্পতিকে। অন্য আরেক এজেন্সি ৯০ হজযাত্রীর ক্ষেত্রে মানেনি সৌদি সরকারের নিয়মনীতি। বিষয়টি মোটেও ভালো চোঁখে দেখছে না দেশটি। এ বিষয়ে ডেইলি বাংলাদেশকে হজ এজেন্সিগুলোর সংগঠন-হাবের মহাসচিব বলেন, এসব অভিযোগ প্রমাণিত হলে, ব্যবস্থা নেয়া হবে এজেন্সিগুলোর বিরুদ্ধে। হজ অফিসের এক পরিচালক জানিয়েছেন, এজেন্সিগুলোর অবহেলায় শুধু হজযাত্রীদের ক্ষতি হচ্ছে তা নয়, নষ্ট হচ্ছে সরকার ও দেশের সুনামও।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ২৭ হাজার জন হজে যাওয়ার কথা। সূত্র : ডেইলি বাংলাদেশ