বড়পুকুরিয়ায় এর আগেও ৩০০ টন কয়লা চুরি হয়
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে দীর্ঘদিন ধরে অনিয়ম অব্যবস্থা ও দুর্নীতি চলে আসছে। এখান থেকে কালোবাজারে কয়লা বিক্রির ঘটনা ঘটেছে। এছাড়াও সারা দেশের ইট ভাটা মালিকদের কাছে বৈধভাবে কয়লা বিক্রি করা হয়েছে। কিন্তু বড়পুকুরিয়া কয়লা খনির প্রধান ক্রেতা বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫শ ২৫ মে.ওয়াট তাপবিদ্যুত কেন্দ্রের জন্য চাহিদামতো কয়লার মজুদ রাখা হয়নি। যে কারণে গুরুত্বপূর্ণ পাওয়ার প্লান্টটিতে কয়লার সরবরাহ না পাওয়ায় সোমবার ভোর থেকে বিদ্যুত উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সোমবার সারাদিন বিদ্যুৎ বিভ্রাট, লো ভোলটেজ, বিদ্যুতের আসা যাওয়ার খেলা ছিল চলমান।
এব্যপারে জানতে চাইলে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রাম সমন্বয় কমিটির আহবায়ক ও মার্চেন্ট মিজানুর রহমান মিজান কালের কণ্ঠকে বলেন, কয়লা খনিতে ব্যপক অনিয়ম দুর্নীতি হয়েছে। এর আগে ৩০০টন কয়লা চুরি হয়। এখানকার সাধারণ মানুষ চোরাই কয়লা ধরে ফেলেন। পরে কর্তৃপক্ষ ওই কয়লার টাকা জমা করেন। মিজানুর রহমান আরো অভিযোগ করেন, জিএম প্রশাসন মাসুদ হাওলাদার ও কম্পানির সচিব আবুল কাসেম প্রধানিয়া ব্যপকভাবে দুর্নীতি করেছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। তবে সেটি তদন্ত হলে উদ্ঘাটিত হবে কি পরিমাণ দুর্নীতি হয়েছে এখানে।
সম্বনয় কমিটির আরেক নেতা মশিউর রহমান বুলবুল জানান, এখনকার এ সংকটের জন্য খনি কর্মকর্তারা দায়ী। ১ লাখ ৪২ হাজার টন মজুদ কয়লার ঘাটতি, এটা চাট্টিখানি কথা নয়। তিনি বলেন, বাপ দাদার জমি গেছে, বাড়ি ঘর কবরস্থান মসজিদ মাদরাসা মন্দির গির্জা সব গেছে। তার পরেও আমরা জাতীয় স্বার্থে, বৃহত্তর স্বার্থে সব বিসর্জন দিয়েছি। কিন্তু দুর্নীতি করে কোন কর্মকর্তা পার পাবে না, সেটি আমরা দেখতে চাই।
বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, যে চার কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার বাইরেও আরো অনেক কর্মকর্তা এসবের সাথে জড়িত আছেন বলে অভিযোগ করেন তিনি। রবিউল ইসলাম বলেন, খনি শ্রমিকেরা ১৩ দফা ন্যায্য দাবি আদায়ের জন্য দীর্ঘ ২৩ দিন আন্দোলন সংগ্রাম করেছেন। এ সময় খনি শ্রমিকদের ওপর কর্মকর্তারা হামলা করেছেন। সংবাদ সম্মেলন করে তারা বলেছিলেন, মজুদ কয়লার কোনও সংকট নেই। তাই তাপ বিদ্যুত কেন্দ্রে কয়লা সরবরাহে কোনও সমস্যা হবে না। শ্রমিক নেতা বলেন, আমাদের আন্দোলনের কারণে মজুদের গরমিল ধরা পড়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ১ লাখ ৪২ হাজার টন কয়লা ঘাটতির সাথে জড়িত দুর্নীতিবাজদের মুখোশ উম্মোচন করতে হবে।
রবিউল বলেন, গত ১৫ জুন ১২১০ নং ফেজের কয়লার মজুদ শেষ হয়ে যায়। নতুন ফেজের উন্নয়ন কাজ শুরু হয় ১৬ জুন থেকে। আগামী আগস্ট মাসের শেষের দিকে নতুন ফেজের কয়লা উত্তোলন শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে কয়লার মজুদের রেজিস্টারে লিপিবদ্ধ ও বাস্তবে মজুদের পরিমাপে গড়মিল ধরা পড়ায় গত বৃহস্পতিবার (১৫জুলাই) পেট্রোবাংলার এক অফিস আদেশে চার কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে ওএসডি এবং কোম্পানি সচিব (জিএম প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়াকে পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ অফিস সিরাজগঞ্জে বদলী করা হয়। জিএম (অপারেশন) নূরুজ্জামান চৌধুরী ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ভান্ডার) খালেদুল ইসলামকে সামরিকভাবে বহিস্কার করা হয়।
এব্যপারে জানতে চাইলে সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদ জানান, ২০০৫ সাল থেকে ২০১৮ সালের ১৫ জুন পর্যন্ত সর্বমোট ১ কোটি ২০ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে। তিনি দাবি করেন সিস্টেম লসের কারণে কয়লার ঘাটতি হয়েছে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আইয়ুব খান মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জাতীয় গ্রিড থেকে পাওয়া বিদ্যুতে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলনে সমস্যা হবে কিনা জানতে চাইলে মধ্য পাড়া কঠিন শিলা খনির ব্যবস্থাপনা পরিচালক এসএম আওরঙ্গজেব বলেন, আমরা সব পর্যবেক্ষণ করছি। খনির ভূগর্ভে ব্লাস্টের সময় সঠিক অবস্থা বোঝা যাবে বলে তিনি উল্লেখ করেন।
এব্যপারে বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম সরকার বলেন, বিদ্যুত কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের কাজ শেষ হয়নি। এখন আমরা মেইনটেনেন্সের কাজ করছি। ১ আগস্ট কয়লার সরবরাহ পেলে পুনরায় বিদ্যুত উৎপাদন ও সরবরাহ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।











