হুমায়ূন আহমেদের উপর পিএচডি
বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন অনেক আগেই। কিন্তু তার সৃষ্টিকর্ম এখনো তাকে বাঁচিয়ে রেখেছে ভক্তদের মাঝে।
কি গল্পে আর কি বৈজ্ঞানিক কল্পকাহিনিতে—সর্বত্র এই বরপুত্রের অসামান্য নির্মাণ এখনও পাঠককে টেনে নেয়, মাতিয়ে রাখে মায়াবী রাতের মতো। প্রতিদিন তার পাঠক তৈরি হচ্ছে, প্রতিনিয়ত তিনি প্রাসঙ্গিক হয়ে উঠছেন পাঠকের কাছে, দর্শকের কাছে। কথাশিল্পের এই জাদুকরের মৃত্যুর ছয় বছর পরেও বইমেলা বা বইয়ের দোকানে তার গ্রন্থগুলোতেই থাকে পাঠকের নজর। তার হিমু চরিত্রকে কেন্দ্র করে এখনও ফ্যাশনের দোকানে হলুদের ঢেউ ওঠে। তার ভক্ত ও অনুসারীরা বলছেন, আরও শতাধিক বছর বেঁচে রইবেন হুমায়ূন আহমেদ, তার রাজত্ব টিকে থাকবে আরও বহু বছর।
তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্তও হয়েছে। সেই প্রবাদ পুরুষ হুমায়ূন আহমেদের উপর সম্প্রতি পিএইচডি সম্পন্ন করেছেন শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার ড. সানজিদা ইসলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে করা তার পিএইডি’র বিষয় ছিল ‘হুমায়ূন আহমেদের কথাসাহিত্যে স্বাদেশিক চেতনা’। হুমায়ূন আহমেদ তার স্বাদেশিক চেতনানির্ভর উপন্যাসে মুক্তিযুদ্ধকালীন এবং তৎপরবর্তী বাস্তবতার চিত্র তুলে ধরেছেন সুনিপুনভাবে।
ড. সানজিদা ইসলাম বলেন, ‘বাংলা সাহিত্যে তো বটেই, বাংলা সংস্কৃতিতেও হুমায়ূন আহমেদ বিরাট একটি জায়গা জুড়ে আছেন। তার মতো মানুষের উপর একটি ডিগ্রি নিতে পারাকে আমি বিশেষ অর্জন হিসেবে দেখছি।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের বৃহৎ ক্যানভাসকে তিনি মধ্যবিত্তের জীবন বাস্তবতার আলোকে তুলে ধরেছেন শ্যামল ছায়া (১৯৭৪), নির্বাসন (১৯৭৪), সৌরভ (১৯৭৮), ১৯৭১ (১৯৮৬), আগুনের পরশমণি (১৯৮৬), সূর্যের দিন (১৯৮৬), অনিল বাগচীর একদিন (১৯৯২), জোছনা ও জননীর গল্প (২০০৪), দেয়াল (২০১২) প্রভৃতি উপন্যাসে।
তার ‘জোছনা ও জননীর’ গল্প উপন্যাসে যে মহাকাব্যিক পটভূমিকে তুলে ধরেছেন তা আমাদের চিরচেনা বাঙালি জীবনের নানা প্রতিচ্ছিবির পাশাপাশি ব্যক্তি হুমায়ূন আহমেদের যুদ্ধকালীন নানা অভিজ্ঞতার কথাও রূপক, প্রতীক, জীবনবাস্তবতা প্রভৃতি ব্যবহারের মাধ্যমে তুলে ধরেছেন।’











