মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘তখনই বুঝবো দর্শকরা কোথায় তালি দেয়, কোথায় গালি দেয়’

news-image

সিয়াম আহমেদ, এখন আর বিশদ পরিচয় দিতে হয় না তার। সিয়াম নামটাই যেন তার অর্জনগুলো বহন করে। যার নেপথ্যে ‘পোড়ামন টু’ ছবিটি। নাটক, উপস্থাপনা ও বিজ্ঞাপন- সবগুলো সাঁকোতেই বিচরণ তার। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। ইতোমধ্যে প্রমাণ দিয়েছেন কাজের প্রতি কতটা মনযোগী এই ‘বখাটে’ ছেলেটা। যার ফলস্বরূপ স্বল্পদৈর্ঘ্য থেকে এসে পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পেয়েছেন জনপ্রিয়তা।

দর্শকদের ভালোবাসা যে সিয়ামকে করেছে আরো আত্মবিশ্বাসী তা আর বলার অবকাশ থাকে না।‘গল্পকথায়’ কথা হয় সেই আত্মবিশ্বাসী সিয়ামের ‘পোড়ামন টু’সহ আরো অনেক বিষয় নিয়ে।

কেমন আছেন?
সিয়াম: জ্বী আলহামদুলিল্লাহ ভালো।

অভিষেক সিনেমা দিয়ে বাজিমাৎ করলেন, মুক্তির প্রাক্কালিক এতোটা কি প্রত্যাশা ছিলো?
সিয়াম: সত্যি বলতে এতোটা যে সাড়া পাবো তা ভাবতে পারিনি। কিন্তু এটা আশা করেছিলাম যারা যারা সিনেমাটি দেখবেন তারা সবাই সিনেমাটি পছন্দ করবেন। আর মুক্তির পর আমরা তাই তো দেখলাম। ‘পোড়ামন-২’ একটি ভালো প্রোডাকশনের ভালো গল্পের এক কথায় বলতে গেলে, এটি একটি খাঁটি বাংলার সিনেমা, যা বাংলাদেশের সকল দর্শকদের জন্য বানানো হয়েছে, আর এটাই আমাদের অর্জন।

‘পোড়ামন-২’ যদি ঈদের মত বড় উৎসবে মুক্তি না পেয়ে অন্য কোনো সময় মুক্তি পেতো তাহলে কি এতোটা সাফল্য পেতো? আপনি কি মনে করেন?
সিয়াম: আমি মনে করি তাহলে আরো ভালো ব্যবসা করতে পারতো। তার কারণ ‘পোড়ামন-২’ কে এতোগুলো বিগবাজেটের সিনেমার সাথে প্রতিযোগিতা করতে হতোনা। ঈদের অন্যান্য সিনেমাগুলোর সাথে মুক্তি পাওয়াতে তুলোনামূলক আরো কম ব্যবসা হয়েছে।

একজন নবাগত হিসেবে ঈদের মত বড় উৎসবে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের তিন তিনটি সিনেমাকে টেক্কা দেয়া, এতে আপনার মানসিক অবস্থা কেমন ছিল?
সিয়াম: শাকিব খান নিঃস্বন্দেহে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার তার সমকক্ষ সিনে পাড়ায় কেউই নেই। তাকে আমি অনেক সম্মান করি, তার অবদানকে অবশ্যই স্বীকার করি। তাকে টেক্কা দেয়ার মত সামর্থ্য বা সাহস আমার কোনোটাই নেই।

তবে আমাকে ৯৯% লোকেই বলেছিলো এই সময়ে তার তিনটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আমাদের সিনেমা কেউ দেখবে না, এমনি আমার সিনেমাটি তেমন হল পাবে না। এ নিয়ে মন খারাপ ছিলো মনে ভয় ভয় কাজ করছিলো। কিন্তু না আমাদের প্রযোজক সাহেব উনার এতো আত্মবিশ্বাস ছিলো যে, আমাকে অবাক করে দিয়েছে। আর আমি মনে মনে ভাবছিলাম উনি এতো বিশ্বাস সাহস কই পেলো!

উনি আমার মত একজন নবাগতকে নিয়ে যে ঝুঁকিটা নিয়েছেন আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। উনার অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের জোরে আমি নিজের মধ্যে সাহস সঞ্চয় করেছি। এরপর থেকে আমি ও আমরা সবাই আটঘাট বেঁধে সিনেমাটির প্রচারণায় নেমে পড়ি। তার ফলাফল আমরা আপনারা সবাই দেখতে পেলেন।

 সিনেমাটি সাফল্য পেয়েছে ঠিকই, কিন্তু আপনি কি আপনার সেরাটা দিতে পেরেছেন?
সিয়াম: যেদিন আমি মনে করবো পুরোপুরি অভিনেতা হয়ে গিয়েছি, তাহলে সেখানেই থেমে যাবো। আমার আর কিছুই ভালো করার থাকবে না। প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে সামনে আরো ভালো করতে পারি। আমার পরের সিনেমাগুলো জন্য আরো কিছু রেখে দিয়েছি। আসলে যখন যেখানে যতটুকুর দরকার আমি নিজেকে সেখানে ততোটুকই দিয়েছি। কোথাও কখনো জোর করে করার চেষ্টা করি না।

 চলচ্চিত্রে এখন নানান দিকে নানান সংকট যাচ্ছে, আপনার কি এমন সময়ই চলচ্চিত্রে নাম লিখানোটা সঠিক ছিলো বলে মনে করেন?
সিয়াম: আমি মনে করি সঠিক সময়ে এসেছি। সবকিছুর জন্য একটি নির্দিষ্ট সময় থাকে, সে সময়ের মধ্যে নিজের আত্মপ্রকাশ করতে হয়। আমার মনে হয় না খুব তাড়াতাড়ি কিংবা দেরি করে ফেলছি।

আমি এখনো তরুণই আছি বৃদ্ধ হয়ে যাইনি যে, আমাকে দিয়ে কিছু হবেনা! আমাদের পুরো টিমটা ছিলো তরুণ। আপনি সব সময় একটা ব্যাপার খেয়াল করবেন দুর্বলের প্রতি সবার একটু সাপোর্ট থাকে, আর দর্শকরা আমাদের সেই সাপোর্টা দিয়েছেন, আমি তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। কারণ দিনশেষে আমরা তাদের জন্যই কিন্তু সিনেমা বানাই।

 ছোটপর্দা থেকে বড়পর্দায় আসলেন, সাফল্যও পেলেন। কোন মাধ্যমটায় মনোযোগী বেশি হবেন ভাবছেন?
সিয়াম: আমি অপেক্ষায় ছিলাম দর্শকরা আমাকে গ্রহণ করেন কি না? কিন্তু না তারা যখন আমাকে এতো ভালোবাসা দিলেন এতো সাফল্য এনে দিলেন এখনতো আমার দায়বদ্ধতা আরো বেড়ে গেলে, তাই এখন থেকে তাদের জন্য আমার আরো ভালো ভালো কাজ উপহার দিতে হবে।

আমি আগেই বলেছি তারা যদি আমাকে ভালোবাসে ১০ দেয় আমি তাদের জন্য ১০০ দিবো। সিনেমাতে কাজের ব্যস্ততার জন্য আপাতত আমাকে এখন ছোটপর্দায় দেখা যাবে না, তাই ভবিষতে যে দেখা যাবে না তা কিন্তু নয়। ভালে ভালো কাজ আসলে সময় সুযোগ মিললে অবশ্যই ছোটপর্দায় কাজ করবো।

: কাজের ব্যাপারে সহশিল্পী নিয়ে কি আপনার কোনো পছন্দ অপছন্দ আছে?
সিয়াম: একদমই না, কারণ গল্পে যাকে মানাবে পরিচালক তাকেই নিবে সেখানে আমার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেই।

মিডিয়াতে কাজের সুবাদে কি কারো সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি হয়েছে?
সিয়াম: সম্পর্কের ব্যাপারে আমি খুব খোলামেলা। সে রকম কিছু হলে আমি নিজেই সবাইকে জানাতাম। আমার একটা সম্পর্ক আছে আর সেটা মিডিয়ার বাইরে।

 জাজের সিনেমা দিয়ে শুরু পরবর্তী সিনেমা ‘দহন’ করছেন, সেটাও জাজের। তাহলে জাজের সাথে আপনার নিজস্ব কোনো চুক্তি আছে?
সিয়াম: না, এরকম কোনো প্রকারের চুক্তি আমাদের মাঝে নেই। আজিজ ভাই আমার সামনে দুটো অপশন রেখেছেন এবং আমাকে বলেও দিয়েছেন সিয়াম তোমার যেটা পছন্দ তুমি সেটা গ্রহণ করতে পারো। আর আমি তাকেও বলে দিয়েছি আমি চাইনা আপনি আমাকে নিয়ে কখনো লোকসান গুণেন। আপনাকে আমি যতোটুকু সাফল্য এনে দিতে পারবো আপনার সাথে আমি সেভাবেই কাজ করবো।

কিন্তু ইতোমধ্যে জাজের বাহিরে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে তৌকির ভাইয়ের পরিচালনায় কাজ করছি ‘ফাগুন হাওয়া’-তে। কাজের ব্যাপারে কারো সাথে আমার কোনো ধরা-বাধা নেই, আমি ভালো প্রোজেক্ট ভালো গল্প হলে সবার সাথেই কাজ করবো।

 ‘পোড়ামন-২’ মুক্তির পর থেকে দর্শক প্রদর্শক আলোচক সমালোচক সহশিল্পী সবার কাছ থেকে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন, কিন্তু কারো কাছ থেকে কি কোনো সমালোচনা শুনতে হয়েছে?
সিয়াম: অনেক অনেক, আমরা বন্ধুরা আমাকে অনেক জায়গার ভুল ধরে দিয়েছেন। এমনি আমার পরিবারের সবাই সিনেমাটি দেখেছেন আমার বাবা চার চার বার দেখেছেন এবং কোথায় কোথায় আমার সমস্যা ছিলো সেগুলো পয়েন্ট করে ধরে দিয়েছেন।

 হলে গিয়ে দর্শকদের সাথে সিনেমা উপভোগ করা একটি সিনেমার জন্য কতোটুকু ইতিবাচক?
সিয়াম: অবশ্যই আমি মনে করি আমরা যারা সিনেমাতে কাজ করি আমাদের প্রত্যেকই হলে গিয়ে দর্শকদের সাথে বসে সিনেমা দেখা উচিত। কারণ এমনিতই দর্শকরা সিনেমা হলে আগের মত আসছে না। তাই তাদের হল মুখি করার জন্য আমাদের তাদের সাথে সিনেমা দেখা উচিত বলে মনে করি। আমি একটি কথা বার বার বলি দিনশেষে আমরা দর্শকদের জন্যই সিনেমা বানাই। আর হলে গিয়ে তাদের সাথে বসে সিনেমা দেখলেই আমরা বুঝতে পারবো দর্শকরা কোথায় তালি দেয় আর কোথায় গালি দেয়।

অভিনেতা না হলে কি হতেন?
সিয়াম: আমার যেটা স্বপ্ন ছিলো ব্যারিস্টার হওয়ার আমি সেটা হয়েছি। আমি এখনও আইন পেশার সাথে যুক্ত আছি, যদি অভিনেতা না হতাম তাহলে শিক্ষকতা করতাম। এখন যেহেতু দর্শকরা আমাকে ভালো ভাবে গ্রহণ করেছে তাই অভিনয়টাই আমার প্যাশন ও প্রফেশন।

: আপনার অবসর কাটে কিভাবে?
সিয়াম: এখনতো কাজের মাঝে সারাক্ষণ থাকতে হয়, সেভাবে আর অবসর পাই কোথায়? তবে এখনো কাজ শেষে যতরাতই হোক ১৫ মিনিট হলেও আমি আমার বন্ধুদেরকে সময় দেই বাড়ি আসার পথে।

অনেক ধন্যবাদ আপনাকে।
সিয়াম: ধন্যবাদ।