চলতি মাসেই জাতীয় গ্রীডে এলএনজি যুক্ত হবে : ড. তৌফিক ই এলাহী
জুলাই মাসের ১৫ তারিখের মধ্যেই জাতীয় গ্রীডের সাথে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী। তিনি বলেন, কিছু কারিগরি ত্রুটির কারণেই এলএনজির জাহাজ প্রায় ১মাস আগে বাংলাদেশে এসে পৌছালেও তা জাতীয় গ্রীডের সাথে যুক্ত করা সম্ভব হয়নি। তবে সব ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৫তারিখের মধ্যেই এর উদ্বোধন করা সম্ভব হবে বলে আমি মনে করছি।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরই) এবং এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) কর্তৃক আয়োজিত ‘স্ট্র্যাটেজিক এনার্জি সেক্টর ডায়ালগ’ শীর্ষক দিনব্যাপী এক ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, এলএনজি আমদানীর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই অর্থের যোগান দিতে ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে আমি বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। জাতীয় গ্রীডে এলএনজি যুক্ত হলে শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন পারবে। এতে করে ব্যবসায়ীরা লাভবান হবেন। এসময় তিনি জানান, এলএনজি যুক্ত করার জন্য সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন। মহেশখালির আনোয়ারা পর্যন্ত পাইপলাইন যুক্ত করা হয়েছে। এই জটিল প্রক্রিয়া সম্পন্নের জন্য পর্যাপ্ত দক্ষ জনবল আমাদের নেই। তবুও চেষ্টা করা হচ্ছে।
এলএনজি আমদানির কারণে জ্বালানির দাম বাড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, এলএনজি আমদানি একটি ব্যয়বহুল প্রক্রিয়া। এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে এর জন্য জ্বালানির দাম এখনই বাড়বে না। ধীরে ধীরে বাড়বে। এই সময়কার আর্থিক ঘাটতি পূরণে সরকার ভর্তুকি দেবে বলে নিশ্চয়তা দেন তিনি।
এসময় স্বাগত বক্তব্যে পিআরআই এর চেয়ারম্যান ড. জিয়াদি সাত্তার বলেন, বাংলাদেশ জ্বালানি খাতে উন্নয়নের একটি মধ্যম পর্যায়ে রয়েছে। আশা করছি ২০৫০সাল নাগাদ আমরা চাহিদার শতভাগ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবো। বিদ্যুতের চাহিদা দিন দিন বেড়েই চলছে। এই চাহিদার যোগান দিতে আমরা কাজ করে যাচ্ছি। এই ডায়ালগের মাধ্যমে পিআরআই এবং এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) মিলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান্য চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে করা যায় এবং কিভাবে এই খাতে উত্তোরত্তোর সাফল্য অর্জন করা যায় এসব বিষয়ে আলোচনা করে একটি ফলাফলের রাস্তা বের হবে বলে আমি মনে করছি।
এসময় আরো বক্তব্য দেন এআইআইবি এর ভাইস প্রেসিডেন্ট (পলিসি, স্ট্র্যাটেজি এবং বাজেট) ড. জোয়াসিম ভনএমসবার্গ, অর্থমন্ত্রণালয়ের সচিব মুসলিম চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমদ কায়কাউস, পাওয়ার সেলের পরিচালক মোহাম্মদ হোসেইন।











