শিক্ষিকার এ কেমন নিষ্ঠুরতা!
ক্লাস চলাকালে হেসে ফেলেছিলো শিশুটি। এতে ক্ষেপে গিয়ে সম্পা আক্তার নামের ওই ছাত্রীকে বেদম পেটাতে শুরু করেন শিক্ষিকা দিল আফরোজ রত্না। এসময় বেতের বাড়ি লেগে মারাত্মক জখম হয়েছে সম্পার এক চোখ। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।
গত সোমবার (০২ জুলাই) এ ঘটনা ঘটেছে মাদারীপুর দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সম্পা আক্তার শহরের পানিছত্র এলাকার বাসিন্দা সিরাজুল হক হাওলাদারের মেয়ে। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।
আমাদের প্রতিনিধি জানান, ঘটনার দিন দুপুরে শহরের দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিরতির পর শ্রেণিকক্ষে ক্লাস নিতে যান শিক্ষিকা দিল আফরোজ রত্না। ক্লাসের সবাই দাঁড়িয়ে শিক্ষিকাকে সম্মান প্রদর্শন করে। এ সময় কি কারণে যেন হেসে ফেলে সম্পা। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেত দিয়ে পেটাতে থাকেন ওই শিক্ষিকা। এক পর্যায়ে বাম চোখে বেতের আঘাত লেগে অসুস্থ হয়ে পড়ে সে। গুরুতর অবস্থায় সম্পাকে তার সহপাঠীরা বাসায় নিয়ে যায়।
পরিবারের লোকজন প্রথমে তাকে মাদারীপুর চক্ষু হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে সম্পাকে।
মাদারীপুর চক্ষু হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীর চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। আর পর্যাপ্ত চিকিৎসা না নিলে চোখ পুরোপুরি নষ্ট হয়ে যাবারও আশঙ্কা রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসিরউদ্দিন আহমেদ বলেন, শিক্ষা অফিসার ঘটনার দিনই বিদ্যালয় পরিদর্শন করে অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছেন।











