বাবার জন্য পপির অপেক্ষা
কিছুদিন আগে স্টেজ শো নিয়ে দেশের আনাচকানাচ দাপিয়ে বেড়িয়েছেন চিত্রনায়িকা পপি। কাজ শুরু করেন নতুন চলচ্চিত্রে। কিন্তু হঠাৎ তাঁর বাবা মিয়া আমির হোসেনের অসুস্থতায় সবকিছু ওলটপালট হয়ে যায়। বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনেক কিছু থেকে নিজেকে গুটিয়ে নেন। বাবার সেবায় মন দেন। চিকিৎসক নাকি আশ্বাস দিয়েছেন, শিগগিরই তাঁর বাবা সুস্থ হয়ে উঠবেন। বাবার সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছেন পপি। এরপর আবার শুটিং নিয়ে ব্যস্ত হবেন।আলাপে এমনটাই জানালেন।
চলচ্চিত্রে অভিনয় করে পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, তা-ও তিনবার। চলচ্চিত্রে এখন পপির ব্যস্ততা কম, তাই ছোট পর্দায় বিশেষ দিবসে তাঁকে নাটক অথবা টেলিছবিতে অভিনয় করতে দেখা যায়। কিন্তু বাবার অসুস্থতায় এবার ঈদে কোনো নাটক ও টেলিছবিতে দেখা যায়নি। আগামী মাস থেকে ‘সাহসী যোদ্ধা’ ছবির কাজ শুরু করবেন।
রোজার আগে শুরু হয় সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ ছবির কাজ। কিছুদিন শুটিংয়ের পর ছবির কাজ স্থগিত হয়ে যায়। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ছবিটির কাজ শুরু হবে। এমনটাই জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এবার ছবিটির কাজ শেষ হবে।
আগামী মাসে পপির নতুন দুটি ছবির শুটিং শুরু হবে। এর একটি শহীদুল হক খানের ‘যুদ্ধশিশু’। কথাশিল্পী ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে তৈরি হবে এই চলচ্চিত্র। অন্যটি ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’।
নতুন নতুন গল্পের ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আবারও ব্যস্ততার ইঙ্গিত দিচ্ছেন পপি। বললেন, ‘মাঝে অনেকটা সময় নতুন ছবির কাজ থেকে দূরে ছিলাম। অনেক প্রস্তাব এসেছে কিন্তু গল্প মন ভরাতে পারেনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পর কাজের ক্ষেত্রে অনেক হিসাব-নিকাশ করতে হয়। দায়িত্ববোধের কথা ভাবতে হয়। তাই চাইলেও হুট করে কোনো ছবির সঙ্গে যুক্ত হতে পারি না। কিছুদিন আগে পরপর এই তিনটি ছবিতে অভিনয় প্রস্তাব পাই, প্রতিটি ছবির গল্প অন্য রকম, যা আমি করতে চাই।’
চলচ্চিত্র, নাটক আর টেলিছবিতে দেখা না গেলেও ছোট পর্দায় অন্য রকম দুটি অনুষ্ঠানে অংশ নেন পপি। ‘স্টার বক্স’ নামের একটি অনুষ্ঠানে গায়িকা আঁখি আলমগীরের অতিথি হন তিনি। অন্যটি ছিল একুশে টেলিভিশনের ‘আমার ছবি আমার গান’।
বিশ্বকাপ ফুটবলেও মেতে আছেন পপি। বরাবরের মতো তাঁর পছন্দের দল ব্রাজিল। পপির আশাবাদ, এবার বিশ্বকাপে তাঁর প্রিয় দল ব্রাজিল মনের আশা পূরণ করতে পারবে।











