মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর কী করলে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবো: জ্ঞান ফিরেই শিক্ষক নেতা

news-image

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চলমান আন্দোলনের আজ ২৩ তম দিন। টানা ৮ দিনের আমরণ অনশনের মধ্যে গতকাল এমপিওভুক্ত করণের রূপরেখা প্রদান করেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন।

গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুটি প্রস্তাব দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এর মধ্যে বরাদ্দ করা টাকা কম হলে সব প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় এনে এবার আংশিক বেতন চালু করে পরবর্তী অর্থবছরে তা সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ায় দুর্বল হয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য এমপিওভুক্তির পর তিন বছর সময় দিতে বলা হয়েছে।

এদিকে দীর্ঘদিনের কর্মসূচিতে শিক্ষক কর্মচারীবৃন্দ পরিবার পরিজন ছেড়ে রাজপথে অমানবিকভাবে অস্বাস্থ্যকর পরিবেশে দিনাতিপাত করছেন। এরকম পরিস্থিতিতে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাহমুদ্দুন্নবী ডলার গতকাল রবিবার বিকাল ৫টায় অনশনরত অবস্থায় অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসার পর তার জ্ঞান ফিরলেই প্রথমই বলেন, ‘আর কী করলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবো? তিনি(প্রধানমন্ত্রী) কি সকল স্বীকৃতিতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবেন?

এর আগে গতকাল রবিবার(১ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ওই দুই প্রস্তাব দিয়ে আসেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতিও চান।

মাননীয় প্রধানমন্ত্রীকে সাক্ষাতের আবেদন দিয়ে অনশনস্থলে আসলে শিক্ষকদের মনে একটু হাসির ঝলক দেখা যায়। কিন্তু পরক্ষণেই সংগঠনের সভাপতি অজ্ঞান হয়ে পড়লে শিক্ষকদের মাঝে কান্নার রোল পড়ে যায়।

সে সময় শিক্ষকরা বলেন, সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের কিছু হলে আমরা আত্মহুতি দিবো। এমন পরিস্থিতিতে অধ্যক্ষ ড.বিনয় ভূষণ রায় শিক্ষকদের ধৈর্য ধারণ করতে বলেন এবং সকলকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে বলেন। এসময় তিনি সারাদেশের সকল শিক্ষক কর্মচারীগণকে দলে দলে আমরণ অনশনে যোগদানের আহ্বান জানান।

সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে আরও বলেন, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আজকের মধ্যেই সাক্ষাতের ব্যবস্থা নিবেন। প্রধানমন্ত্রীর সাক্ষাত পেলেই আমাদের এই সমস্যার সমাধান হবে। গতকালসহ আজ পর্জন্ত অসুস্থ শিক্ষক কর্মচারীদের সংখ্যা দাড়িয়েছে ১৮০ জনে।

প্রসঙ্গত, গত ২৬শে ডিসেম্বর একই দাবিতে শিক্ষকরা অনশন কর্মসূচি পালন করেছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাসের পর ৫ই জানুয়ারি কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। এরপর চলতি বাজেটে এই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন দেখতে না পেয়ে ফের আন্দোলন শুরু করেছেন শিক্ষকরা।

এর আগেও নন-এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন তাদের দাবি আদায়ের জন্য ২৭ বার রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সংগঠনটির তথ্যমতে, দেশে বর্তমানে ৫ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি স্বীকৃতিপ্রাপ্ত। এসব প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারী সরকারি কোন বেতন-ভাতা পান না। বিভিন্ন পর্যায়ে ২৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৫ লাখ।

13 0 Share0 0 0 13