বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, ৪ পুলিশ আহত

news-image

মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করে নিয়ে আসার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেয়। পরে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৬ ঘন্টা পর রোববার ( ১ জুলাই) ছিনিয়ে নেওয়া আসামিসহ ৫ জনকে আটক করে। হামলায় ১জন এসআই ও ১জন এএসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, ভেড়াছড়া গ্রামের রহমান মিয়ার ছেলে সোয়েব আহমদ(৩৯) ৯টি জিআর ও ৩টি সিআর মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারী পরোয়ানা। শনিবার রাত সাড়ে ৯টায় ভেড়াছড়া গ্রামের লিয়াকত মিয়ার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করেন উপ-পরিদর্শক জাকির হোসেন ও উপ-সহকারী পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। সোয়েবকে গ্রেফতার করে নিয়ে আসার সময় এ গ্রামের জুবের মিস্ত্রীর বাড়ির সামনে আসা মাত্রা ৩০/৩৫ জনের সংঘবদ্ধ দল পুলিশের উপর হামলা চালিয়ে আসামি হাতকড়া পরা অবস্থায় সোয়েবকে ছিনিয়ে নেয়। এসময় হামলায় উপ-পরিদর্শক জাকির হোসেন(৫৭), উপ-সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম(৩৮), ৮৩৩ নং পুলিশ সদস্য মামুনুর রশীদ(২৫) ও ৭৫৫ নং পুলিশ সদস্য আব্দুল মজিদ(২৮) আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার পর সিনিয়র সহকারী পুলিশ সুপার(কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) মো: আশরাফুজ্জামানের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভেড়াছড়া গ্রামসহ আশপাশের গ্রামে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের ৬ ঘন্টা পর রোববার ভোর রাত সাড়ে ৩টায় ছিনিয়ে নেওয়া আসামি সোয়েব আহমদসহ আরও ৪ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- লিয়াকত মিয়া(৩৭), লুৎফুর(৪০), শাহাবউদ্দীন(২৯) ও লাল মিয়া(৪৫)।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোকতাদির হোসেন পিপিএম আসামি ছিনিয়ে নেয়া ও পরে ছিনিয়ে নেওয়া আসামিসহ আরও ৪ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, মূল আসামি ও গ্রেফতার হওয়া আরও ৪ জনসহ একটি নতুন মামলা হবে। তদন্তপূর্বক পুলিশের উপর হামলাকারী প্রকৃতদের ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।