‘ইত্যাদি’ আজ রাতে
বিনোদন ডেস্ক।। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আজ রোববার রাতে প্রচারিত হবে। বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে। এটি গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানে একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোর।
রয়েছে দুটি নাচ। প্রথমটিতে অংশ নিয়েছেন নৃত্যজুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। অন্যটিতে ফেরদৌস, অপূর্ব, মম ও মোনালিসা। ছন্দে-সুরে ব্যতিক্রমী এক আলোচনায় অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়।
ইত্যাদির এবারের মিউজিক্যাল ড্রামায় পারফর্ম করেছেন ইমন ও কুসুম শিকদার এবং প্রতীক হাসান ও কনা। ‘পারিবারিক শান্তি’ বিষয়ক নাটিকায় অংশ নিয়েছেন অর্ধশতাধিক বিদেশি নাগরিক।
এবারের ঈদের ইত্যাদি ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি দিয়ে শুরু হবে বলে জানা গেছে।











