বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে উদ্ধার হলো সেই প্রাডো গাড়িটি

news-image

মোংলা প্রতিনিধি: মোংলা বন্দর থেকে চুরি হওয়া আড়াই কোটি টাকার সেই প্রাডো গাড়িটি উদ্ধার করেছে র‌্যাব। শনিবার ভোর রাতে ঢাকার বারিধারা থেকে র‌্যাব হেড কোয়ার্টারের একটি টিম এ গাড়িটি উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি তারা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নিরলস চেষ্টার ফলে গাড়িটি উদ্ধার করা হয়।

গেল সোমবার বিকেলে বন্দর জেটির ৫ নম্বর শেড থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ল্যান্ড ক্রুজার প্রাডো ২০১৮ মডেলের এ গাড়িটি চুরি করে নিয়ে যায় একটি প্রতারক চক্র। এরপরই এ ঘটনায় মোংলা থানায় মামলা করেন বন্দর কর্তৃপক্ষ। আধুনিক মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো ২০১৮ মডেলের এই গাড়ির চেচিস নাম্বার পিআরজে-১৫০০০০৮৩৬৫৪। এর আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ‘অটো মিউজিয়াম’।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর ফারুক হাসান আরটিভি অনলাইনকে জানান, মোংলা বন্দরের সুনাম নষ্ট হবে এমন কোনো কাজ কর্তৃপক্ষ হতে দেবে না। বন্দর থেকে যে গাড়িটি চুরি হয়েছে তার সঙ্গে যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে গাড়ি রাখার শেড ইনচার্জ (ট্রাফিক পরিদর্শক) মিয়া মহাম্মদ আলী, সিনিয়র আউটরডার অ্যাসিস্টেন্ট তোফাজ্জেল হোসেন মিয়াকে বরখাস্ত করা হয়েছে।