বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রক্তমুখী নীলা’ ববি

news-image

বিনোদন প্রতিবেদক : দেশীয় ছবির গ্লামারাস নায়িকা ইয়ামিন হক ববি প্রথমবারের মতো কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘রক্তমুখী নীলা’। ববির বিপরীতে অভিনয় করবেন সব্যসাচী মিশরা। পরিচালনায় আছেন জয়দীপ মুখার্জি। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ববি।

সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাস থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণ। কলকাতার ছবিতে কাজের প্রসঙ্গে জানতে চাইলে বিজলী খ্যাত নায়িকা বলেন, ‘এর আগেও কলকাতার ছবিতে কাজের কথা হয়েছে। সবশেষ ‘রক্তমুখী নীলা’ ছবির মাধ্যমে কলকাতার কোনও ছবিতে কাজ করতে যাচ্ছি।

বিষয়টি আমার জন্য আনন্দের। এখন বাংলাদেশের অনেকেই টালিউডের সিনেমায় অভিনয় করছেন। সেই তালিকায় আমার নামটি যুক্ত হলো। চেষ্টা থাকবে ভালো কাজের মাধ্যমে সেখানকার দর্শকের মন জয় করে নেবার।’

অন্য ছবির ব্যাপারে জানতে চাইলে ববি বলেন, ‘আমার অভিনীত ‘নোলক’ এবং ‘বেপরোয়া’ ছবির শুটিং শেষ পর্যায়ে আছে। এখন গানের শুটিং বাকি। গানের শুটিং শেষ হলেই মুক্তির ব্যাপারে জানা যাবে। এছাড়াও ‘বৃদ্ধাশ্রম’ নামেও একটি ছবিতে অভিনয় করেছি।

এটি ভিন্ন ঘরানার একটি ছবি। ছবির গল্প আমাকে কাজটি করার ব্যাপারে আগ্রহ জাগিয়েছে। আশা করছি দর্শক সবগুলো ছবি ভালোভাবে গ্রহণ করবেন।’