বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩০ মে

news-image

ডেস্ক রিপোর্ট : ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। গতকাল বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার।

তিনি জানান, এবার ঈদ উপলক্ষে সাতদিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ৩০ মে সকাল ৯টায় শুরু হবে বাসের অগ্রিম টিকিট বিক্রি। ওইদিন থেকে ঈদের সাতদিন আগের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। এ সময়ের মধ্যে ‘স্টক থাকা’সাপেক্ষে টিকিট বিক্রি করবে কাউন্টারগুলো। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কেনার ব্যবস্থা থাকবে। ফিরতি টিকিটও যাত্রীরা কাউন্টার ও অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন।

ফারুক তালুকদার বলেন, ঈদযাত্রায় যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে সোহাগ পরিবহন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে আমরা এবার অতিরিক্ত কোনো ট্রিপ দেব না।

ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— মহাসড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলো যানজটমুক্ত রাখা, বাস টার্মিনালের শৃঙ্খলা রক্ষার জন্য ভিজিল্যান্স টিম গঠন, দুর্ঘটনার কারণে তাত্ক্ষণিকভাবে সৃষ্ট যানজটের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ, অস্থায়ী বা ভাসমান বাজার অপসারণ। এর বাইরে মহাসড়কে লক্কড়-ঝক্কড় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ও মোবাইল কোর্ট পরিচালনাসহ আরো কিছু কর্মসূচি নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

এদিকে আগামী ১ জুন শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম বিক্রি। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন। এবার ঈদে সাত জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১ হাজার ৪০৫টি কোচ ও ২২৯টি লোকোমোটিভ ব্যবহার করে যাত্রী পরিবহন করা হবে। এরই মধ্যে ঈদযাত্রার সময় সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।