,

হল উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ, ৬ মাসের মধ্যে ই-টিকিটিং চালু

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে সিনেমা হল উন্নয়নে মনযোগী হচ্ছে সরকার। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সম্মিলিত দাবিতে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার।

সিনেমা হলের উন্নয়নে প্রাথমিকভাবে বরাদ্দ আসছে ৫০ কোটি টাকা। আগামী ছয় মাসের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তিতে ডিজিটাল হবে ৭ টি সিনেমা হল। এ তালিকায় আছে অর্ধশতাধিক হল। ধীরে ধীরে সারাদেশের হলগুলোই ডিজিটাল সিস্টেমের আওতায় আসবে।
আজ বুধবার ‘অফিসার রিটার্নস’ সিনেমার মহরতে এই কথা জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

এফডিসির জহির রায়হান ভি আই পি প্রজেকশন হলে আয়োজিত অনুষ্ঠানে গুলজার বলেন, সবাই মিলে চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। সেইটা প্রমাণ হতে যাচ্ছে। আজকের সিনেমার যে দুরাবস্থা বিরাজমান, তার অন্যতম কারণ সিনেমা হলের নাজুক ও বেহাল দশা। আছে অব্যবস্থাপনাও।

নির্দিষ্ট একটি গোষ্ঠির কাছে, ব্যাক্তিদের কাছে সিনেমা হলগুলো কুক্ষিগত। একজন নির্মাতা তার সিনেমাকে ইচ্ছেমতো হলে মুক্তি দিতে পারেন না। আর হলে গেলেও নানা দুর্নীতির মুখে প্রযোজক প্রাপ্য টাকা ফেরত পান না। এবার সেই সমস্যার অনেকটাই কেটে যাবে। আগামী ছয় মাসের মধ্যেই সিনেমা হলে রাষ্ট্রীয়ভাবে ডিজিটালি পরিবর্তন আসবে।’

গুলজার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা চলচ্চিত্রের মানুষেরা কৃতজ্ঞ। তিনি আমাদের সমস্যা উপলব্দি করেছেন এবং তার সমাধানে আন্তরিকভাবে এগিয়ে এসেছেন। শিগগিরই ৫০ কোটি টাকা বরাদ্দ আসছে সিনেমা হলের উন্নয়নে। আগামী দিনগুলোতে সারাদেশের সিনেমা হল রাষ্ট্রীয়ভাবে আধুনিকায়ন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রযোজক খোরশেদ আলম খসরু যোগ করে বলেন, আধুনিক হলের পাশাপাশি ৬ মাসের মধ্যে ই-টিকিটিং ব্যবস্থাও চালু হবে হলগুলোতে। প্রি-একনেকে এই প্রস্তাবনা চলে গেছে। সরকারও দ্রুতই এই ব্যপারে কাজ শুরু করতে চায়। এতে করে কোন হলে কত টাকার টিকিট বিক্রি হলো সেটা যে কেউ ওই হলের ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। প্রযোজকদের আর ফাঁকি দেয়া যাবে না।’

আজকের মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অফিসার রিটার্নস’ ছবির প্রযোজক আব্দুল বাছেত, নির্মাতা বন্ধন বিশ্বাস, নায়ক নিরব, নায়িকা জলি, অভিনেতা শিমুল খানসহ আরও অনেকেই। সূত্র : চ্যানেল আই অনলাইন