বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান পরিস্থিতি কূটনীতিকদের জানিয়েছে বিএনপি

news-image

বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। রোববার বিকাল সাড়ে চারটা থেকে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে এই বৈঠকটি হয়। প্রায় ঘন্টাব্যাপি এই বৈঠকে ১২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে কূটনীতিকদের কাছে লিখিত বক্তব্য তুলে ধরা হয় এবং দলের শীর্ষ নেতারা কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কূটনৈতিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ বলে দলটির নেতারা জানান।

বৈঠককে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদদু আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সহ আর্ন্তজাতিক সম্পাদক রুমীন ফারহানা প্রমুখ।

বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমীন ফারহানা বলেন, খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে বিএনপি কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এই বৈঠক। এর বাইরে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।

তবে সূত্র জানায়, ব্রিফিংয়ে কূটনীতিকদের কাছে কারাবন্দী খালেদা জিয়ার মামলা, জামিন ও তার শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরার পাশাপাশি খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ও চলমান রাজনীতির সর্বশেষ অবস্থা কূটনীতিকদের অবহিত করা হয়।

একটি দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন। এরপর দুই বার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি। সর্বশেষ গত ২১ মার্চ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি।