মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সমঝোতার মাধ্যমে কমিটি, বয়স ২৭ থেকে বাড়িয়ে ২৮’

news-image

ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে বয়স ২৭ থেকে বাড়িয়ে ২৮ বছর নির্ধারণ করা হয়েছে। আর সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন সংগঠনটির সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমি চাই সমঝোতার মাধ্যমে তোমরা, তোমাদের নেতৃত্ব নির্বাচিত কর। কারণ ত্যাগ করতে শেখো। তোমরা এমন নেতৃত্ব খুঁজবে যাতে তারা এই সংগঠনকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে।

বয়সের বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগে নেতৃত্ব নির্বাচনে বয়স ২৭। কিন্তু বর্তমান কমিটি ইতোমধ্যে ৯ মাস অতিক্রম করে ফেলেছে। তাই আমি চাই কেউ যেন বঞ্চিত না হয়, বয়স এক বছর গ্রেস দিচ্ছি। প্রধানমন্ত্রীর এমন ঘোষণা উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে মেনে নেয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২৩ থেকে ২৪ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ হয়ে যায়। এরপর কেউ চাইলে ‘ডাবল মাস্টার্স’ করতে পারে। তিনি বলেন, ‘এই কমিটি দুই বছরের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু নয় মাস বেশি হয়ে গেছে। আমি চাই না কেউ বঞ্চিত হোক। এ কারণে এবার এক বছর বাড়িয়ে ২৮ বছর করা হোক। এখন কোনো সেশনজট নেই। কাজেই আমি চাই, তোমরা এমন নেতৃত্ব খুঁজবে, যে নেতৃত্ব তোমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে পারে।’

এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ায় ছাত্রলীগের প্রশংসা করেন। তিনি বলেন, এ-এগারোর সময় তাঁকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন ছাত্রলীগ ও দলের অন্যান্য অঙ্গসংগঠন এর প্রতিবাদ করেছিল। মাত্র ১৫ দিনে ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করেছিল ছাত্রলীগ। তাঁর দেশে আসার সময়ও ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে বলে তিনি ছাত্রলীগকে ধন্যবাদ দেন।

দল পরিবর্তনের বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, কিছু কিছু নেতা বিএনপিতে চলে গেছে। এরা বেইমান, মুনাফেক।’ তিনি বলেন, আদর্শহীন রাজনীতি, রাজনীতি না। এরা জনগণকে কিছু দিতে পারে না। তিনি বলেন, রাজনীতিতে সততা, সাহস থাকলে সব করা সম্ভব। যার প্রমাণ হলো যুদ্ধাপরাধীদের বিচার করা।

বিএনপি-জামায়াতের আমলের শিক্ষাব্যবস্থার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা লাভ করে, তারা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। শিক্ষাব্যবস্থায় সেশনজট তৈরি করে দিয়েছিল। এমন কোনো রাত নেই সে সময়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি হয়নি। তিনি আরও বলেন, এসব দৃশ্য বদলে গেছে। আওয়ামী লীগের আমলে সেশনজট বন্ধ হয়েছে। নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভাগ খোলা হয়েছে। সেমিস্টার পদ্ধতি আওয়ামী লীগের আমলে হয়েছে।

শিক্ষার্থীদের পড়ালেখা করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ছাত্ররা পড়ালেখা করবে। তাদের ভালো কীসে হবে, সেটা আমাদের জানা আছে। শিক্ষার্থীদের প্রথম কাজ পড়ালেখা করা। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করা ছাত্রদের কাজ নয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উপাচার্যের বাসভবনে হামলা, লুটপাট করা এবং তাঁর গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ইতিহাসে কখনো ঘটেনি। এ ঘটনা যারা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে কয়েকজন ধরা পড়েছে। আরও ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ছাড় দেবে না, এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ছাত্রলীগকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পরামর্শ দেন। যেখানে-সেখানে ময়লা না ফেলতে এবং ট্রাফিক নিয়ম মেনে রাস্তা চলতে বলেন। তিনি বলেন, ট্রাফিক আইন না মেনে কেউ বাসের বাইরে হাত, মাথা ঝুলিয়ে রাখবে আর দুর্ঘটনা ঘটলে বিআরটিসির দোষ হবে, এটা মানা যায় না। তাই ট্রাফিক নিয়ম সম্পর্কে জানতে হবে। হুট করে রাস্তা পার হওয়া যাবে না। এ ছাড়া ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাসে ফুলের গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।