বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াসার পানি সরাসরি জারে ভরে বিক্রি

news-image

রাজধানীর তেজগাঁও এলাকার দু’টি অবৈধ পানির কারখানা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। মঙ্গলবার বিএসটিআই ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে কারখানগুলো সিলগালা করে দেয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যামাণ আদালত। পাশাপাশি ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়। এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

বিএসটিআই জানায়, তেজগাঁওয়ের দক্ষিণ কুনিপাড়ায় ফিউচার ফুড বেভারেজ নামে একটি প্রতিষ্ঠান পানি শোধন না করে টিউব-অয়েল ও ওয়াসার পানি জারে ভরে ফিল্টার পানি নামে বাজারজাত করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেন ও কারখানার মালিক আব্বাস উদ্দিন দীপুকে ছয় মাসের কারাদণ্ড দেন।

একই অভিযোগে জাহাঙ্গীর ট্রেড ইন্টারন্যাশনালের মালিক জাহাঙ্গীরুল ইসলাম এবং মাহমুদ হাসান মাসুদকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পূর্ব নাখালপাড়ার কোল্ড স্টোরেজ নামের একটি কারখানার মালিক নাসির উদ্দিনের কাছ থেকে একই অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বিএসটিআই আরও জানায়, তেজগাঁও শিল্প এলাকায় ছয়টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের পরিশোধন ছাড়াই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরাসরি সাপ্লাইয়ের পানি জারে ভর্তি করে বাজারজাত করে আসছে। এর মধ্যে জাহাঙ্গীর ট্রেড ইন্টারন্যাশনাল, কোল্ড এভারেস্ট, নব জীবন পিউর ড্রিংকিং ওয়াটার, এ তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। ফিউচার ফুড এন্ড বেভারেজের মালিক আব্বাস উদ্দিন দিপুকে ছয় মাসের কারাদণ্ড ও প্রতিষ্ঠান সীলগালা এবং তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন তিনটি নামবিহীন পানি উৎপাদকারী প্রতিষ্ঠানের নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

অভিযানের বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, রাজধানীতে অবৈধ ও ভেজাল কারখানার বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলছে। আর এই অভিযান অব্যাহত থাকবে।