মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে ড্রাইভারদের জন্য বিশ্রামাগার নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

news-image

মহাসড়কে যানবাহনের ড্রাইভারদের জন্য বিশ্রামাগার নির্মাণ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিদেশে হাইওয়ের পাশে বিশ্রামাগার আছে। যদি আমাদের দেশে মহাসড়কের পাশে এরকম বিশ্রামাগার করতে পারি তাহলে সড়কের দুর্ঘটনা কমে যাবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাসেক সড়ক সংযোগ প্রকল্প দ্বিতীয় সংশোধনীর অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংবাদ সম্মেলন করেন।

সাসেক সড়ক সংযোগ প্রকল্প দ্বিতীয় সংশোধনীর অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি এডিবি ও ওএফআইডি এবং এডিএফডি এর সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৫ হাজার ৫৯৩ কোটি টাকা। এর মধ্যে দাতা সংস্থাগুলো দিবে ৩ হাজার ৪২১ কোটি টাকা। এটিসহ একনেকে ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১৩ হাজার ২৮৮ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী জানান, আগামী ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ রেলওয়ে ৩ হাজার ৫০৭ কোটি টাকা ব্যয়ে ‘কন্সট্রাকশন অব ডাবল লাইন রেলওয়ে ট্র্যাক অন খুলনা-দর্শনা জাংশান সেকশন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মোট ব্যয়ের ২ হাজার ৬৮৯ কোটি ৯২ লাখ টাকা ভারতের সেকেন্ড লাইন অব ক্রেডিট থেকে প্রকল্প সহযোগিতা হিসেবে পাওয়া যাবে। অবশিষ্ট ৮১৬ কোটি ৮২ লাখ টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে রেলপথে যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা পূরণ হবে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রকল্পটির আওতায় খুলনা-দর্শনা সেকশনে প্রায় ১২৬.২৫ কিলোমিটার বিজি রেলওয়ে ট্র্যাক ডাবল লাইনে উন্নীত হবে।

মন্ত্রী আরো জানান, ঢাকার অদূরে সাভারে জাতীয় জীন ব্যাংক স্থাপন করা হবে। বর্তমানে সাভারে ছোট ছোট ভবন আছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ছোট ছোট ভবন না করে অল্প জায়গায় বহুতল ভবন করতে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে থেকে বিলুপ্ত প্রায় জেনেটিক সম্পদগুলো সংগ্রহ করে রাখা যাবে। পরে প্রয়োজন হলে এ জীনগুলো জীবিত করে কাজে লাগানো সম্ভব হবে।