আবার জুটি বাঁধতে রাজি সঞ্জয়-মাধুরী
করণ জহরের সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। এরপর আচমকাই খবরে প্রকাশ, মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্ত অভিনয় করছেন না। এবার শোনা যাচ্ছে, অন্য নির্মাতার সিনেমায় একসঙ্গে হচ্ছেন ‘সাজন’ জুটি।
আশি-নব্বই দশকে মাধুরীর সঙ্গে সঞ্জয়ের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডের গসিপ ছিল। প্রায় সবাই জানতেন তাদের বিশেষ সম্পর্কের কথা।১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের পর সঞ্জয় গ্রেফতার হন। তারপরই নাকি মাধুরী তার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন।
পুরনো প্রেম প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, ‘আমি আজ যেখানে রয়েছি, সেখানে এই বিষয়টা নিয়ে কথা বলার আর প্রয়োজন নেই। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। আমি জানি না এসব কথা এখন কারা বলছে? যাই হোক না কেন, এ বিষয়টাতে আমার আর কিছু যায় আসে না।’তবে তারাই বলিউডের প্রথম জুটি নন, সম্পর্ক ভেঙে গেলেও যাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। এর আগে ‘যব উই মেট’-এ কারিনা কাপুরের সঙ্গে অভিনয় করেন তার এক্স বয়ফ্রেন্ড শাহিদ কাপুর। একইভাবে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে দুটি সিনেমায়।











