বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুঁজিবাজারে তিন বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

news-image

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্যাপক দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে। এদিকে ব্যাপক দরপতনের কারণে, ডিএসইতে জরুরি বৈঠক হয়।

আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৩ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে। এর আগের ২০১৫ সালের ২৬ এপ্রিল ডিএসইএক্সের সর্বোচ্চ পতন হয়। সেদিন এই সূচক ২ দশমিক ৩৩ শতাংশ কমে ৪ হাজার ৯৪ পয়েন্টে নামে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪ হাজার ৫৫ দশমিক ৯০ পয়েন্ট ডিএসইএক্স সূচক চালু হয়। ওই বছরেরই ২১ জুলাই এর আগের সর্বোচ্চ দরপতন হয়। সেদিন ডিএসইর প্রধান সূচক ৩ দশমিক ১৬ শতাংশ কমে ৪ হাজার ৯০ পয়েন্টে ঠেকেছিল। ব্যাপক দরপতনের মুখে সংশ্লিষ্ঠ বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং শীর্ষ ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বৈঠকে অংশ নেয়। ব্যাংক আমানত-ঋণের (এডি) অনুপাত কমানো ও মুদ্রানীতি ঘোষণা নিয়ে মাসখানেকের বেশি সময় ধরে বাজার ধুঁকছিল। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের ঠিক হওয়ার রাজনৈতিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার মধ্যে বাজারে পতন তরান্বিত হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা কেউ কেউ মনে করেন। রোববার পর্যন্ত গত গত ছয় কার্যদিবসের মধ্যে পাঁচ দিনই ডিএসইএক্স কমেছে প্রায় ৩২৭ পয়েন্টের বেশি।

গত একমাসে সূচক কমেছে ৩৮০ পয়েন্ট। এদিন শুরু থেকেই সূচক নামতে শুরু করে; চার ঘণ্টার লেনদেনের প্রায় পুরো সময়টাতেই সূচক কোনো বাধা ছাড়াই নামতে থাকে। শেষ পর্যন্ত ডিএসইএক্স ১৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে নেমেছে। এবিষয়ে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, বিনিয়োগকারীদের মধ্যে অস্থার অভাব দেখা দিয়েছে, সে কারণেই হয়তো এমন দরপতন হচ্ছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে।

বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৯০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩২৯ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে ৩৬ কোটি ৪৫ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ১৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যাল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক প্রায় ৪০৪ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ২১৯ পয়েন্ট। এসময় লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে। সিএসইতে হাতবদল হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।