বোনের গায়ে হলুদে নাচলেন মিথিলা
বিনোদন প্রতিবেদক : ইরেশ যাকের ও মিম রশিদ। সম্প্রতি তাদের নিয়ে খবরের কাগজে শিরোনাম হচ্ছে বড় বড় অক্ষরে। কারণ, দু’জনে সাত পাকে বাধতে যাচ্ছেন। আগামীকাল রোববার সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আর তাই গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ইরেশ যাকের ও মিম রশিদের গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। অনুষ্ঠানে গানের তালে নেচেছেন অভিনয়শিল্পী মিথিলা। এখানে আমন্ত্রিত হয়েছিলেন তাঁদের দুজনের খুব ঘনিষ্ঠ বন্ধু আর আত্মীয়।
সব মিলিয়ে ছিলেন শ খানেক অতিথি। ইরেশের হবু স্ত্রী মিম রশিদ ছোট পর্দার তারকা মিথিলার ছোট বোন। মিম রশিদ ক্যামেরার পেছনেই বেশি কাজ করেন।

জানা গেছে, ইরেশ যাকের ও মিম রশিদের গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠানে গান গেয়েছেন পার্থ বড়ুয়া ও জয়িতা। বনানীতে ইরেশ যাকেরের বাসায় রাত আটটা থেকে শুরু হয় অনুষ্ঠান। চলে রাত ১২টা পর্যন্ত।
বিয়ের পর চলতি বছরের মার্চে নেপালের কাঠমান্ডুতে বউভাত অনুষ্ঠান করবেন ইরেশ যাকের ও মিম রশিদ।
ইরেশ যাকের ও মিম রশিদের বিয়ে নিয়ে দুই পরিবারের পক্ষ থেকে কেউই এত দিন মুখ খোলেননি। ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে গত জানুয়ারির শেষ দিকে দুজনের আংটিবদলের আলোকচিত্র পাওয়া গেলেও বিয়ের বিষয়টি এড়িয়ে যান দুই পরিবারের সবাই। অবশেষে গতকাল সকালে প্রথম আলোকে ইরেশের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর মা অভিনেত্রী সারা যাকের।

ইরেশ ও মিমের বিয়ের কথাবার্তা পাকাপাকি করতে গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা একসঙ্গে বসেন। সেদিন বিয়ের সব আনুষ্ঠানিকতা নিয়ে তাঁরা আলোচনা করেন।
উল্লেখ্য, ইরেশ যাকের চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন। শিহাব শাহিনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল চরিত্র অভিনেতা হিসেবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।











