বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণে চুক্তিস্বাক্ষর

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহীতে নির্মাণ হতে যাচ্ছে জেলার প্রথম ফ্লাইওভার। বুধপাড়া রেলক্রসিং এলাকায় ফ্লাইওভারটি হবে। রাজশাহী-নওগাঁ মহাসড়ক ও
রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব- পশ্চিম সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় এ ফ্লাইওভার নির্মাণ করা হবে। ফ্লাইওভার নির্মাণ ও প্রকল্পের চারলেন রাস্তার অবশিষ্ট নির্মাণ কাজের চুক্তি সম্পন্ন হয়েছে।

নগর ভবন জিআইজেড সভা কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রমে একটি ঐতিহাসিক দিন। ফ্লাইওভারের মাধ্যমে আমরা নাটোর-নওগাঁ সড়কের মধ্যে একটি বন্ধন তৈরি করতে যাচ্ছি। প্রকল্প দুটি সম্পন্ন হলে মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে ঢাকার দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার। রাস্তার কাজের চুক্তি স্বাক্ষর করেন নির্মাণকারী প্রতিষ্ঠান এমবিআএল-আই ’র (জেভি) পরিচালক তৌরিদ আল মাসুদ, ফ্লাইওভার চুক্তি
স্বাক্ষর করেন ডেইনকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোরসেদ আলম। প্রকল্পের সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রধান প্রকৌশলী
মোঃ আশরাফুল হক।