সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানির প্রতিবাদ, প্রাণ গেল ভাইয়ের

news-image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : কলেজে যাওয়া-আসার পথে মামাতো বোনকে উত্ত্যক্ত করত বখাটেরা। এর প্রতিবাদ করায় গত শুক্রবার ছাত্রীটির ফুফাতো ভাইকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করে বখাটেরা। গতকাল রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাইয়ের মৃত্যু হয়েছে।

ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের। মৃত্যুর খবর জানাজানি হলে স্থানীয় লোকজন বখাটেদের বাড়িঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও মারা যাওয়া ব্যক্তির পরিবার সূত্র জানায়, মোগরাপাড়া
ইউনিয়নে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন মাদকসেবী জাকির হোসেন (৩০)। গত বুধবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জাকির ও তাঁর সহযোগীরা লাঞ্ছিত করেন। তখন ছাত্রীটিকে অপহরণের হুমকিও দেওয়া হয়। পরে ঘটনাটি ফুপাতো ভাই মোগরাপাড়া চৌরাস্তা এলাকার শব্দযন্ত্র ও মাইকের ব্যবসায়ী সুলতান মিন্টুকে (৩৫) জানায় ওই ছাত্রী। সুলতান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে উত্ত্যক্তের প্রতিবাদ করেন। পাশাপাশি বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান। এ ঘটনায় জাকির ও তাঁর সহযোগীরা ক্ষুব্ধ হন। গত শুক্রবার সকালে বাড়ি থেকে রিকশায় করে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন সুলতান। এ সময় জাকিরসহ কয়েকজন সুলতানকে বহনকারী রিকশাটি থামান। এরপর রিকশা থেকে নামিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও রড দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় সুলতানকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।

সুলতানের বাবা সুরুজ প্রধান জানান, সুলতানের স্ত্রী ও দুটি ছেলেমেয়ে আছে। তিনি এলাকার মাদক প্রতিরোধ কমিটির সদস্যও ছিলেন। সুরুজ প্রধান আরও বলেন, মাদক ব্যবসা বন্ধ করাসহ বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার কারণেই মাদকসেবী বখাটেরা তাঁর ছেলেকে হত্যা করেছে।

সুলতানের মামাতো বোন কলেজছাত্রী বলে, ‘দীর্ঘদিন ধরে মাদকসেবী জাকির আমাকে উত্ত্যক্ত করছিল। আমার বড় ভাই প্রতিবাদ করায় তাঁকে পিটিয়ে হত্যা করল। আমি জাকির ও তার সহযোগীদের ফাঁসি চাই।’

এদিকে গতকাল সকালে সুলতানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর কয়েকটি গ্রামের মানুষ একত্র হয়ে জাকির ও তাঁর সহযোগীদের বাড়িঘর আগুনে লাগিয়ে পুড়িয়ে দেন। গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

সোনারগাঁ থানার পরিদর্শক (অপারেশন) আবদুল জব্বার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার কারণে সুলতান মিন্টুকে হত্যা করা হয়েছে। জাকির ও তাঁর সহযোগীরা ঘটনার পর থেকেই পলাতক। তিনি জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা