বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাংলাদেশি পুলিশকে নিয়োগ দিচ্ছে ইন্টারপোল

news-image

বাংলাদেশ জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এদেশের দুই পুলিশ সদস্যকে নিয়োগ দিচ্ছে ইন্টারপোল। জঙ্গি দমনে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করাই হবে এই দুই পুলিশ সদস্যের মূল কাজ।

শনিবার পুলিশ সদর দফতরে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন,‘জঙ্গি দমনে আমরা গত দুই বছরে যে অবদান রেখেছি, তা বিশ্বের সবখানে প্রশংসিত হয়েছে। যেখানেই যাই সেখানেই আমাদের এই প্রশংসার কথা শুনি। অনেকেই আমাদের কাছে এই বিষয়ে জানতে চায়।’

গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার পর পুলিশ জঙ্গি অভিযানে দক্ষতার পরিচয় দিয়েছে উল্লেখ করে আইজিপি বলেন,‘আমরা জঙ্গিদের অনেক ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছি। আমাদের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছে, তাদের (জঙ্গি) সুইসাইডাল স্কোয়াডের ৫৭ জন নিহত হয়েছে। অধিকাংশ জঙ্গি নিজেরাই আত্মাহুতি দিয়েছে। শতাধিক জঙ্গিকে গ্রেফতার করেছি।’

তিনি বলেন,‘জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের যে ভূমিকা এবং সাফল্য ও অর্জন―দেশের বাইরের সবাই তা জানে। আমি বেইজিংয়ে ইন্টারপোলের সম্মেলনে যাওয়ার পর সেখানে অনেক দেশের পুলিশ প্রধান আমাকে দেখেই জঙ্গি দমন বিষয়ে কথা বলেছেন। যখন তারা শুনেছেন আমি বাংলাদেশি তখন তারা আলোচনা করেছেন, তারা নির্দ্বিধায় বলেছেন, বাংলাদেশ পুলিশ জঙ্গি মোকাবিলায় সফলতা অর্জন করেছে।’

শহীদুল হক বলেন,‘ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল আমাদের জঙ্গি দমনের সফলতা শেয়ার করতে আমাদের পুলিশ বাহিনী থেকে দু’জন কর্মকর্তাকে ইন্টারপোলে নেওয়ার জন্য চিঠি দিয়েছে, আমাদের অনুরোধ করেছে। আমরা দুজনকে নমিনেশন দিয়েছি।’

তিনি বলেন,‘বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে বিশ্বের কাছে রোল মডেল। জঙ্গি দমন ছাড়াও অন্যান্য ধরনের প্রচলিত অপরাধও হ্রাস পেয়েছে। ২০১৫ সালের পর ট্রাডিশনাল ক্রাইম কমে গেছে।’

এসময় তিনি পরিসংখ্যান উল্লেখ করে বলেন,‘খুন, ধর্ষণ, দস্যুতাসহ সকল ধরনের অপরাধ কমেছে।’

কমিশনার তার লিখিত বক্তব্যে বলেন,‘গত বছর দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযানে বাংলাদেশ পুলিশের ৩ জন সদস্য সম্মুখ সমরে শহীদ হয়েছেন। গুরুতর আহত হয়ে মৃত্যুযন্ত্রণা ভোগ করছেন কনস্টবল হতে সহকারী পুলিশ সুপার পদবির ২০ জন পুলিশ সদস্য। আন্তর্জাতিক মানের দক্ষতা, নৈপূণ্য, কৌশল, গোয়েন্দা কার্যক্রম, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অপারেশনগুলোতে মূল্যবান এবং অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন বাংলাদেশ পুলিশের চৌকস গোয়েন্দা সদস্যরা। পুলিশ সদস্যরা অসীম সাহসিকতা, দেশাত্মবোধ এবং জঙ্গিমুক্ত বাংলাদেশ নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করেছেন এবং এখনও করছেন। এজন্য এবছর সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ড এবং জঙ্গিবিরোধী কাজকর্মে অভূতপূর্ব অবদান, আত্মত্যাগ ও সাফল্যের জন্য নিহত/আহতসহ মোট ১০৫ জনকে পদকের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় বেশি।’

লিখিত বক্তব্যে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে পুলিশ বাহিনীতে প্রায় ৮০ হাজার নতুন পদ সৃজন করা হয়েছে। এর ফলে পুলিশের সেবামূলক কাজের পরিধি আরও বেড়েছে এবং জনগণের প্রত্যাশিত সেবা প্রাপ্তি সহজ হচ্ছে।

তিনি জানান, পুলিশের নিরাপত্তার সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। অপরাধী শনাক্তকরণ, ডাটা সংরক্ষণ এবং অধিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীতে নতুন নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে।

তিনি জানান, অবকাঠামোগত উন্নয়নে পুলিশ বিভাগের গৃহীত প্রকল্পের মধ্যে রয়েছে ব্যারাক নির্মাণ, ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি প্রকল্প, সারদা পুলিশ একাডেমি মর্ডানাইজেশন প্রকল্প, জেলার পুলিশ সুপারদের অফিস ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সিআইডির অফিস ভবন নির্মাণ ইত্যাদি। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যাশনাল পুলিশ একাডেমির নির্মাণ কাজ,ঢাকা সিটি ডিজিটাল মনিটরিং সিস্টেমের উন্নয়নকাজ এবং টাওয়ার ৭১ প্রকল্পের নির্মাণ কাজ ২০১৬-২০১৭ সালের এডিপিতে অন্তর্ভুক্ত হয়েছে।