বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ইতিহাসে সবচেয়ে ‌‌‌‘দামি’ বিয়ে!

news-image

নিজের বিয়েতে ছক্কাটা ভালোই হাঁকিয়েছেন বিরাট কোহলি। আনুশকা শর্মার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে গবেষণা যেন শেষই হচ্ছে না। এবার জানা যাচ্ছে, এই বিয়ের পেছনের অঙ্কের কায়কারবারগুলো। যদিদং হৃদয়ং মম বলে শুধু মালাবদল করেননি কোহলি আর আনুশকা; একই সঙ্গে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সাম্রাজ্যের সঙ্গে মিলেছে এ সময়ের বলিউডের শীর্ষ সম্রাজ্ঞীদের একজনের রাজ্যও।

দুজনের এক ছাদের নিচে চলে আসার আর্থিক পরিমাণ যা পাওয়া যাচ্ছে, চোখ কপালে তুলে দেওয়ার মতো। অনেকে প্রশ্ন করছেন, এটাই কি ভারতের বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে দামি বিয়ে? মাত্র ২৯ বছর বয়স দুজনের। কিন্তু এই বয়সেই কোহলির মোট সম্পদের পরিমাণ ৩৮২ কোটি রুপি, আনুশকার ২২০ কোটি। দুজনে নিজ নিজ জগৎ, পণ্যের দূতিয়ালি ছাড়াও বেশ কিছু ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ করেও রেখেছেন।
সামনের দিনগুলোতে দুজনের আয় আরও বাড়বে। গত তিন বছরে আনুশকার আয় ৮০ গুণ বেড়েছে। যা সামনের তিন বছর আরও ৩০ শতাংশ বাড়বে। আর কোহলিও ধীরে ধীরে মহেন্দ্র সিং ধোনির সাম্রাজ্য দখলে নিচ্ছেন। ধোনিই প্রথম ভারতীয় ক্রীড়া তারকা হিসেবে ফোর্বসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন। ফোর্বস সাময়িকীর চোখে ব্র্যান্ডমূল্যে কোহলি এগিয়ে আছেন লিওনেল মেসির চেয়েও। মেসির অবস্থান নয়ে, কোহলির সাত!

মজার ব্যাপার হলো, কোহলির চেয়ে আনুশকাই ব্যবসায়ী উদ্যোগে বেশ সক্রিয়, পারিশ্রমিক বা আয়ের দিক দিয়ে হয়তো পেছনে আছেন। প্রতি সিনেমায় পারিশ্রমিক হিসেবে তিনি নেন ১০ কোটি রুপি। বিজ্ঞাপনে অভিনয়ের জন্য নেন ৪ কোটি রুপি। ৩৬ কোটি রুপির ব্যবসায়িক বিনিয়োগ আছে তাঁর। সাফল্যের সঙ্গে যাত্রা শুরু করেছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান। এনএইচ টেন ও ফুল্লুরি নামের দুটি চলচ্চিত্র মুক্তিও পেয়েছে তাঁর প্রযোজনায়। এবার ক্লিন স্লেট ফিল্ম নামের প্রডাকশন হাউস দিয়েছেন। প্রযোজনা শুধু নয়, আনুশকা এবার ছবি বানানোর দিকেও মনোযোগী।

মুম্বাইয়ে ২০ কোটি রুপি দামের ফ্ল্যাট কিনেছেন। মার্সিডিস, বিএমডব্লুসহ চারটি বিলাসবহুল গাড়ি আছে তাঁর। সম্প্রতি নুশ নামের একটি পোশাক প্রতিষ্ঠান নিয়ে হাজির হয়েছেন। আনুশকার মতো এত কম বয়সে বলিউডের আর কোনো অভিনেত্রীকে ব্যবসায়িক দিক দিয়ে এতটা সক্রিয় থাকতে দেখা যায়নি। আনুশকা সত্যিই অন্য রকম।

কোহলি অবশ্য ব্যবসায়িক দিক দিয়ে ততটা সক্রিয় নন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আর আইপিএল খেলেই প্রচুর আয় করেন তিনি। বছরে তাঁর আয় ১২১ কোটি রুপির মতো। আইপিএল খেলার বিনিময়ে প্রতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছ থেকে ১৪ কোটি রুপি বেতন নেন। মনে রাখবেন, আইপিএলে কিন্তু মাত্র দুই মাস খেলতে হয়!
বৈষয়িক দিক দিয়েও কোহলির সম্পদ কম নয়। বান্দ্রায় ৯ কোটি রুপির ফ্ল্যাট আছে। চারটি বিলাসবহুল গাড়ি আছে তাঁরও। আছে অডি ও ভক্সওয়াগন।

কেবল এই বিয়ের আয়োজনের পেছনেই কম খরচ হয়নি। আনুশকার ইচ্ছাতেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর আয়োজন করা হয়। মানে বিয়ের জন্য বিখ্যাত কিছু পর্যটনকেন্দ্রে গিয়ে মালাবদল করা। ভারতের তারকামহলে এই প্রথা যে খুব প্রচলিত, তা কিন্তু বলার উপায় নেই। ভারতীয় তারকাদের বিয়ের বেশির ভাগই হয়ে থাকে নিজ দেশে। কিন্তু ‘বিরুশকা’ নামের ভারতীয় সংবাদমাধ্যমে অভিহিত এই জুটি বিয়ে করেছেন ইতালির জনপ্রিয় ‘ওয়েডিং ডেস্টিনেশন’ তাসকেনির বর্গ ফিনোচ্চিয়েতোতে।

ফোর্বসের তালিকায় এই তাসকেনি বিশ্বের শীর্ষ ২০টি ব্যয়বহুল ভেন্যুর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এই ভেন্যুটি এক সপ্তাহের জন্য ভাড়া নিতে চাইলে গুনতে হবে প্রায় এক কোটি টাকা। এ ছাড়া জনপ্রিয় এ তারকা জুটির বিয়ের ছবি তুলেছেন বিশ্ববিখ্যাত ওয়েডিং ফটোগ্রাফার জোসেফ রাধিক। জোসেফের পারিশ্রমিকসহ শুধু বিয়ের ছবি ও ভিডিও ধারণেই কোহলিকে গুনতে হয়েছে প্রায় দুই কোটি টাকা।

তবে খ্যাতনামা তারকা হওয়ার ফায়দা তো একটা রয়েছেই। কোহলি-আনুশকার বিয়ের ছবি প্রকাশ করার অনুমতি রয়েছে কেবল হাতে গোনা কয়েকটি শীর্ষ ম্যাগাজিন ও পত্রপত্রিকার। এর মধ্যে একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিনও রয়েছে। তবে এখনো এমন কোনো প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। স্বত্বাধিকার রয়েছে—এমন কোনো বিয়ের ছবিও এখন পর্যন্ত প্রকাশ পায়নি কোনো ম্যাগাজিন বা পত্রিকায়। আর এ স্বত্বাধিকার পেতে মোটা অঙ্কের অর্থও পরিশোধ করতে হবে এসব গণমাধ্যম প্রতিষ্ঠানকে।

সেই সঙ্গে একটি ব্র্যান্ড হিসেবেও ‘বিরুশকা’র দেখা মিলবে অদূর ভবিষ্যতে। কোহলি ও আনুশকা এখন পর্যন্ত মোট ২৮ ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যে শুধু কোহলিই ১৮ ব্র্যান্ডের প্রচার করেন। আর দুজনে মিলে বিরুশকা হতেই ইতিমধ্যে তাঁরা জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ‘মান্যবর’কেও প্রচার করবেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আনুশকা এক দিনের বিজ্ঞাপনের জন্য প্রায় দেড় কোটি রুপি পারিশ্রমিক নেন, কোহলি প্রায় পাঁচ কোটি রুপি।

তবে বাজার গবেষকেরা বলছেন, বিয়ের পরপরই বিরুশকা ব্র্যান্ড হিসেবে আরও মূল্যবান হয়ে উঠবেন তাঁরা। যেমনটা হয়েছিলেন ভিক্টোরিয়া বেকহাম আর ডেভিড বেকহাম; হলিউডে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি মিলে ‘ব্র্যাঞ্জেলিনা’!