এনজিও কর্মকর্তাকে গুলি করে হত্যা
যশোর প্রতিনিধি : যশোরে সন্ত্রাসীদের গুলিতে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপশহর সি ব্লক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটে।
নিহত গোলাম কুদ্দুস ওই এলাকার বাসিন্দা। তিনি প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কে এম আজমল হুদা বলেন, উপশহর সি ব্লক এলাকায় এক এনজিও কর্মকর্তা খুনের ঘটনা জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। জড়িতদের আটকে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম কুদ্দুস বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়াতে দুটি হাত বোমা বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোলাম কুদ্দুসের মুখের বাম পাশে শটগান দিয়ে গুলি করা হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান ভূঁইয়া।
উল্লেখ্য, এর একদিন আগে বাবু হোসেন রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করে সন্ত্রাসীরা। আর গত ২৮ অক্টোবর খুন হন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন ইমন।











