আনিসুল হকের দাফন সম্পন্ন
লাখো মানুষের শেষ শ্রদ্ধা জানানোর পর আর্মি স্টেডিয়ামে নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে মেয়র আনিসুল হককে দাফন করা হয়েছে। মায়ের কবরের পাশেই ছোট ছেলের কবরে তিনি চিরনিদ্রায় শায়িত হন। আনিসুল হককে শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে আর্মি স্টেডিয়ামে। তার জানাযায় অংশ নিতে ও শ্রদ্ধা নিবেদনে ফুল নিয়ে ছুটে যান তার পরিচিত ও শুভাকাঙ্খিরা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ জড়ো হন আর্মি স্টেডিয়ামে। সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়রকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিমান মন্ত্রী রাশেদ খান মেনন এসময় তার বক্তব্যে বলেন দায়িত্ব নিয়ে কেউ যদি অসততা ও দুর্বৃত্তায়নের বাইরে থেকে দৃঢ় প্রতয়ী হন তার উদাহরণ ছিলেন মেয়র আনিসুল হক। আসরের নামাজের পর জানাযা সম্পন্ন হয় আনিসুল হকের। এর পর তাকে দাফনের জন্যে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসভবনে যান শনিবার দুপুরে। এসময় প্রধানমন্ত্রী মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জাতীয় পতাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পতাকা দিয়ে ঢাকা আনিসুল হকের মরদেহের পাশে প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাসভবনে প্রায় সোয়া দুই ঘন্টা আনিসুল হকের মরদেহ রাখার পর তা জানাযার জন্যে নিয়ে যাওয়া হয় আর্মি স্টেডিয়ামে।
প্রধানমন্ত্রীর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বাসভবনে ঢুকে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। সাংবাদিকদের তিনি বলেন, ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি বিনির্মাণে আনিসুল হকের স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাব। মেয়র আনিসুল হকের মৃত্যুতে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেলো। আমি নিজেও ক্ষতিগ্রস্ত হলাম। দেশের মানুষ তাকে অনেক ভালোবাসতেন। তার প্রমাণ দেখতে পাচ্ছি আমরা। বহু মানুষকে কান্নার সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন।’
এর আগে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ বহনকারী বিমান বিজি ০০২ ফ্লাইটটি সিলেটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে দুপরে ঢাকায় এসে পৌঁছায় বিমানটি।
বিমানবন্দরে তার মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন, তার ছোট ভাই আনিসুল হকের ছোট ভাই সেনাবাহিনীপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক।
মেয়রের মরদেহের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ওয়ামিক উমায়রা ও তানিশা ফারিয়াম্যান হক। বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ বনানীর ২৩ নম্বর সড়কে অবস্থিত তাঁর বাসভবনে নেয়া হয়। সেখানে তার শুভাকাঙ্খীরা তাকে শেষ বারের মত দেখার জন্যে ছুটে যান। তাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা মেয়রের বাসভবনে রাখা শোক স্মারকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বাণী লেখেন।
৬৫ বছর বয়সে মেয়র আনিসুল হক গত বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে মারা যান। শুক্রবার লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
আনিসুল হক ১৯৫২ সালের ২৭ অক্টোবর ফেনী জেলার সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়। উপস্থাপক হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন আনিসুল হক। পরবর্তীতে তৈরি পোশাক খাতের সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বিজিএমইএ, এফবিসিসিআই ও সার্ক চেম্বারের মতো ব্যবসায় সংগঠনগুলোর সভাপতির দায়িত্বও পালন করেন। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।











