শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার ক্ষতির হিসাবে গরমিল

flood in bd

সরকারের দুই মন্ত্রণালয় বন্যার ক্ষয়ক্ষতির দুই ধরনের হিসাব দিচ্ছে। আবার দেশে কাজ করা দুটি উন্নয়ন সহযোগী সংস্থার একটির হিসাবের সঙ্গে আরেকটির হিসাব মিলছে না। অমিল আছে সরকারি আর বেসরকারি হিসাবেও। সারা দেশে বন্যার ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাবে এই গরমিল দেখা গেছে।

মূলত ক্ষয়ক্ষতির হিসাবের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের কার্যক্রম হাতে নেওয়া হয়ে থাকে। এখন সরকারি কোন হিসাবের ভিত্তিতে এ কার্যক্রম শুরু করা হবে, তা নিয়ে জটিলতা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরকারিভাবে এখন ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম চলছে। পুনর্বাসনের কার্যক্রম এখনো শুরু হয়নি।
দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, বন্যায় সাড়ে চার লাখ একর জমির ফসল আংশিক ও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, চার লাখ ২০ হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর অর্থায়নে পরিচালিত সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) হিসাবে সম্পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট চার লাখ ৯২ হাজার ২১৭ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশে কাজ করা সব আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগ হিউম্যানিটেরিয়ান টাস্ক টিম বন্যার ক্ষয়ক্ষতির ওপর একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে। তাতে প্রায় দেড় লাখ একর জমির ফসল ক্ষতির হিসাব দেওয়া হয়েছে। তবে সংস্থাটি গত ৩১ আগস্ট পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব করেছে। ফ্লাডিং ইন নর্থ ওয়েস্টার্ন বাংলাদেশ: এইচটিসিসি জয়েন নিড এসেসমেন্ট (বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা: প্রয়োজনীয়তা নিরূপণ) শীর্ষক প্রতিবেদনের প্রাথমিক খসড়ায় এই তথ্য উল্লেখ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিপদাপন্নতা অধ্যয়ন বিভাগের শিক্ষক নইম গওহর ওয়ারা প্রথম আলোকে বলেন, ক্ষয়ক্ষতির হিসাব থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থপনা ও পুনর্বাসনকাজের দায়িত্ব যদি স্থানীয় সরকারকে দেওয়া হতো, তাহলে ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে এ জটিলতা তৈরি হতো না। স্থানীয় সরকারকে বাদ দিয়ে কেন্দ্রীয়ভাবে এ ধরনের দুর্যোগ মোকাবিলা করাও বেশ কঠিন কাজ।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা নিয়েও রয়েছে ভিন্নতা। সিডিএমপির হিসাবে প্রায় ৩০ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ২৫ লাখ। এইচসিটিটির প্রতিবেদন বলছে, ক্ষতিগ্রস্তদের সংখ্যা ২০ লাখ।
বন্যায় মৃতের সংখ্যা নিয়েও সংস্থাগুলোর দেওয়া তথ্যের একই রকম গরমিল দেখা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের (এনডিআরসিসি) হিসাবে, বন্যায় মৃতের সংখ্যা বলা হয়েছে ১৪ জন। আর স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাবে এ সংখ্যা ৬৭। এদের মধ্যে সাপের কামড়ে মৃত্যু দেখানো আছে আট জনের।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে, বন্যায় পাঁচ হাজার ৩৬১টি গবাদিপশু ও নয় হাজার ২০০ হাঁস-মুরগি মারা গেছে। অন্যান্য সংস্থা অবশ্য গবাদিপশুর মৃত্যুর সংখ্যাভিত্তিক হিসাব করেনি।
এনডিআরসিসির ‘২০১৪ সালের বন্যায় ক্ষয়ক্ষতি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলের ১৯টি জেলার মোট পাচঁ লাখ ৩৪ হাজার নয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৫০৪টি। অন্যদিকে সিডিএমপির হিসাবে, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা দুই লাখ ৩৭ হাজার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে বন্যায় কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ঢাকা, ফরিদপুর, সুনামগঞ্জ, নেত্রকোনা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সিলেট, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুরের ৯৪ উপজেলায় ৯৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের হিসাবে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ২০৫।
ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে, বন্যায় এক হাজার ৭৫২ কিলোমিটার রাস্তা, ২৪টি সেতু, ৬৫৯ কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। ১৯ জেলার ২৭টি আশ্রয়কেন্দ্রে মাত্র ১৫ হাজার ৬০০ লোককে আশ্রয় দেওয়া হয়েছে।
বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের (দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র-বিডিপিসি) পরিচালক ও এইচটিসিসির সদস্য মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় দেখা গেছে, দুর্যোগে ক্ষয়ক্ষতির হিসাব বাড়িয়ে দেখানো হয়। আবার প্রকৃত ক্ষতিগ্রস্তদের হিসাব তালিকায় আসে না। এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে সংশ্লিষ্ট সবগুলো সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার যৌথভাবে ক্ষয়ক্ষতির একটি হিসাব করা উচিত। নয়তো ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসন নিয়ে জটিলতা দেখা দেবে।
সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয় কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের দুই মন্ত্রীর কেউই গতকাল রাত পর্যান্ত দেশে এসে পৌঁছাননি। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আছেন যুক্তরাষ্ট্রে। আর ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী সিঙ্গাপুরে আছেন বলে গত রাতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।