বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বাড়ি ঘিরে তল্লাশি, বিস্ফোরক উদ্ধার

news-image

যশোর প্রতিনিধি : যশোর সদরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহর থেকে আটক করা হয়েছে বাড়ির মালিক মোজাফফর হোসেনকে। একইসঙ্গে সমাপ্ত ঘোষণা করা হয়েছে অভিযানও।

সোমবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ মাঠপাড়া গ্রামের বাড়িটি ঘিরে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে রাত ১০টার দিকে ব্রিফিংয়ে অভিযান সমাপ্ত ও বিস্ফোরক উদ্ধারের তথ্য জানান যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমান।

তিনি জানান, ওই বাড়ি থেকে গ্রেনেডের ৩০টি খোল, ৫০টি সুইচ, বিস্ফোরক তৈরির জেল, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ১০ লিটার রাসায়নিক এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বাড়ির মালিক মোজাফফর হোসেন ওই অঞ্চলে ‘নব্য জেএমবির’ সংগঠক হিসেবে কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলেও জানান পুলিশ সুপার।

এর আগে গত ৯ অক্টোবর ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ শহরের সেন্ট্রাল রোডের চারতলা একটি বাড়ি ঘেরাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৫ ঘণ্টা পর তিন সন্তান নিয়ে আত্মসমর্পণ করে ‘জঙ্গি’ খোদেজা আক্তার খাদিজা। তিনি রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার মূল পরিকল্পনাকারী জেএমবির শীর্ষ নেতা নূরুল ইসলাম মারজানের বোন ও নবগঠিত জেএমবির খুলনা অঞ্চলের নেতা হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী।

এর আগে ভৈরব নদের তীরবর্তী মাঠপাড়ার বাড়িটি ঘিরে রাখার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছিলেন, পুলিশ সদরদফতরের তথ্যানুযায়ী রাত পৌনে ৮টা থেকে পাগলাদহ গ্রামের মালোপাড়ায় মোজাফফর হোসেনের আধাপাকা বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিরামপুর-পাগলাদহ গ্রামের সংযোগ সৃষ্টিকারী সেতু সংলগ্ন ভৈরব নদের তীরে ওই বাড়িটির অবস্থান। যশোরের পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বগুড়া ডিবি, পুলিশ হেডকোয়ার্টারের সদস্য, গোয়েন্দা পুলিশ, সোয়াট, যশোর পুলিশ এবং বিস্ফোরক ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর ছয়-সাতটি টিম এ অভিযানে অংশ নেয়।