অ্যাম্বুলেন্সে ইলিশ পরিবহন!
বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ শিকার ও বেচাকেনা থেমে নেই। তবে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযানের কারণে এসব চলছে গোপনীয়তার মধ্যে।
আজ শনিবার অভিনব পদ্ধতিতে একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে সাত মণ ইলিশ পরিবহন করার অভিযোগে পুলিশ চার ব্যক্তিকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বেড়া উপজেলার কাজিরহাটের প্রত্যন্ত এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ে ইলিশ কিনতে যান কয়েক ব্যক্তি। প্রায় সাত মণ ইলিশ কেনার পর অ্যাম্বুলেন্সে ইলিশ উঠিয়ে কাশীনাথপুরের দিকে ফিরছিলেন তাঁরা।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাঁধেরহাট নামক স্থানে অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে সাত মণ ইলিশ পাওয়া যাওয়ায় অ্যাম্বুলেন্সের চালকসহ চারজন আরোহীকে আটক করে আমিনপুর থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের মালিক সৈয়দ মোয়াজ্জেম হোসেন (৪০), চালক মনসুর আলী (৪০), রুবেল হোসেন (২৫) ও শাহীন হোসেন (২৫)। মোয়াজ্জেম হোসেন একটি বেসরকারি কলেজে শিক্ষকতাও করেন।
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ক্রয় ও পরিবহনের অভিযোগে আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পরে পুলিশ ওই মামলায় তাঁদের পাবনা জেলহাজতে পাঠায়।
যে অ্যাম্বুলেন্স নিয়ে ইলিশ কিনতে যাওয়া হয়েছিল, সেটি উপজেলার কাশীনাথপুরের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের নামে বলে জানা গেছে। তবে পুলিশের হাতে আটক হওয়া মোয়াজ্জেম হোসেন অ্যাম্বুলেন্সটির মালিক।
ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের অংশীদার রতন খান বলেন, ‘অ্যাম্বুলেন্সটি আমাদের হাসপাতালের নামে হলেও সেটি আমাদের নয়। বাইরের এক মালিক সেটি আমাদের হাসপাতালের নামে ভাড়া খাটাতেন। কাজেই এর দায়দায়িত্ব আমাদের নয়।’
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম তাজুল হুদা বলেন, ‘প্রশাসনের নজর এড়াতে ইলিশ পরিবহনের কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল। কিন্তু আমরা তাঁদের সেই অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছি। দোষীদের জেলহাজতে পাঠানো হয়েছে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীণ বলেন, ‘মা ইলিশ রক্ষায় আমরা প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছি। কেউ যদি অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব পন্থায় ইলিশ কেনাবেচা ও পরিবহনের সঙ্গে যুক্ত হন, তবে তা খুবই দুঃখজনক। ইলিশ রক্ষায় আমরা সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করছি।’
এমডি/মানিক











