ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ঢাকায়
নিউজ ডেস্ক : তিন দিনের সফরে আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।
মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটে তাকে বহন করা বিশেষ প্লেনটি রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাকে স্বাগত জানান।
বিকেল সাড়ে ৫টায় হোটেল সোনারগাঁওয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। অরুণ জেটলির সঙ্গে ভারতের অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশটির ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ৩০ সদস্যের প্রতিনিধিদলও থাকছে।
এরপর ১০টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেখানেই বাংলাদেশের জন্য পূর্বঘোষিত তৃতীয় দফায় ভারতের ৪০০ কোটি ডলারের ঋণ বাস্তবায়নে চুক্তি হবে।
২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাংলাদেশের জন্য সাড়ে চারশ কোটি ডলারের ঋণচুক্তির ঘোষণা দেওয়া হয়। দুই অর্থমন্ত্রীর উপস্থিতিতে তৃতীয় দফার এই ঋণচুক্তি বাস্তবায়নে ভারত ও বাংলাদেশের মধ্যে ‘ডলার লাইন অব ক্রেডিট’ চুক্তি সই হবে। বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষার্থে দুই দেশের মধ্যে হওয়া চুক্তি নিয়ে ‘যৌথ ব্যাখ্যামূলক নোটসমূহও’ স্বাক্ষরিত হবে।
এর পরেই সকাল সাড়ে ১১টায় ভারতের অর্থমন্ত্রী পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের সামষ্টিক অর্থনৈতিক উদ্যোগ’ বিষয়ে বক্তব্য রাখবেন। এছাড়া দুই অর্থমন্ত্রী যৌথভাবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ পরিচালনার নতুন সেবা এবং এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা কার্যালয় উদ্বোধন করবেন।











