ইলিশ ধরায় ১৬ জনের জেল জরিমানা
নিজস্ব প্রতিবেদক : ভোলা ও লক্ষ্মীপুরের ১৬ জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে তাদের এ দণ্ড দেয়া হয়। এ ছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। আরো একটি নৌকা ও ২৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
ইলিশ প্রজনন মৌসুমে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা, বেচাকেনা, পরিবহন, মজুত ও বিনিময় করা যাবে না। এ নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন ভোলার ১৯০ কিলোমিটার জলসীমানাকে ইলিশের অভয়াশ্রম ধরে জাল ফেলা নিষেধ করা হয়েছে।
রবিবার ভোলায় মোট ১২টি দল অভিযানে নামে। এর আগে মাইকিং, ব্যানার, পোস্টার ও উঠান বৈঠকে তাঁদের সচেতন করা হয়েছে। এদিন ভোলায় ইলিশ ধরার অপরাধে চারজনকে কারাদণ্ড ও তিনজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এদিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের চরগজারিয়ার অদূরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে নয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণবিষয়ক রামগতি উপজেলা টাস্কফোর্সের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী হাকিম) আজগর আলী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রামগতির চরআলগী ইউনিয়নের মো. দুলাল (৪০), আবদুল মোতালেব (২৭), মো. হেলাল উদ্দিন (৩৫), মো. রায়হান (২৫), মো. ইব্রাহিম (২১), মো. এরশাদ (২৬), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর এলাকার মো. সিরাজ (৩৫), জাহাজমারা এলাকার নুর আলম (২৬) ও মো. হানিফ (৪১)।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন জানান, অভিযানের সময় ইলিশ ধরার দুই হাজার মিটার জালসহ তাঁদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া চর আলেকজান্ডার ইউনিয়নের জারিরদোনা মাছঘাটের কাছে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, সকালে আটক ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আজগর আলীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণবিষয়ক রামগতি উপজেলা টাস্কফোর্সের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী জানান, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচরের টাংকি বাজার থেকে চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর পর্যন্ত মেঘনা নদীর ৪০ বর্গকিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজার থেকে আজ দুপুরে ৪০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, দুপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সাফা বাজারে কয়েকজন মাছ ব্যবসায়ী ইলিশ বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা মৎস্য বিভাগ সাফা বাজারে অভিযান চালায়। এ সময় ব্যবসায়ীরা পালিয়ে যান।
পরে পরিত্যক্ত অবস্থায় বাক্সভর্তি ৪০ কেজি ইলিশ জব্দ করে মৎস্য বিভাগ। পরে মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।











