বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিততে ভুলে গেছে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : জিততেই ভুলে গেছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর ওয়ানডেতেও জয়ের দেখা পাচ্ছে না লঙ্কানরা। সিরিজের তৃতীয় ওয়ানডেতেও হেরেছে স্বাগতিক দল। শ্রীলঙ্কার ২১৭ রান তাড়া করে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত। সেটাও ২৯ বল হাতে রেখে। এ জয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে ভারত।

তাও তো ভালো, ম্যাচটা শেষ হয়েছে এটা বলা যাচ্ছে। ৪৪ ওভারে ২১০ রানেই থেমে যেতে পারত ভারতের ইনিংস। ভারত তখনো জয় থেকে ৮ রান দূরে। কিন্তু দলের হার দেখতে দেখতে বীতশ্রদ্ধ মানুষ মাঠে বোতল ছুড়ে মেরে আনুষ্ঠানিকতার আর বালাই রাখলেন না। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও খেলা শুরু করতে না পারায় অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়। এ যেন ১৯৯৬ বিশ্বকাপের বদলা! সেদিন ভারতের দর্শক খেলা থামিয়েছিল, আজ স্বাগতিকের ভূমিকায় থাকা শ্রীলঙ্কা! কিন্তু একটু পরে নামে দুইদল। বাকি আনুষ্ঠানিকতা ৭ বলে শেষ করে ভারত।

পুরো সিরিজেই একই সূত্র মেনে এগিয়েছে শ্রীলঙ্কা দল। বাজে শুরু হোক কিংবা ভালো, দলের স্কোর দুই শ পার করেই দায়িত্ব সেরে নিয়েছে তাঁরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য আকিলা ধনঞ্জয়ার অবিশ্বাস্য এক স্পেলে জয়ের আশা দেখা দিয়েছিল। কিন্তু মহেন্দ্র সিং ধোনি ও ভুবনেশ্বর কুমারের দৃঢ়তা সে আশাকেও ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজও শ্রীলঙ্কার পথের কাঁটা হয়ে দাঁড়ালেন ধোনি।

তাড়া করতে নেমে আজও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। ৬১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এর মাঝে ধনঞ্জয়ার তিন বলের মধ্যে ২ উইকেটই বড় ভূমিকা রেখেছে। কিন্তু ভারতকে চাপে ফেলার কোনো সুযোগই পায়নি শ্রীলঙ্কা। আগের দিন রোহিত শর্মার আউট দিয়েই ধসের শুরু হয়েছিল। আজ তাই শর্মা কোনো সুযোগই নিলেন না। অপরাজিত সেঞ্চুরিতে (১২৪) ম্যাচ শেষ করে তবেই ফিরেছেন। ১৪৫ বলের ইনিংসে ছিল ১৬ চার ও ২ ছক্কা। তাঁর সঙ্গী ধোনি অপরাজিত ছিলেন ৬৭ রানে।
এর আগে লাহিরু থিরিমান্নে ৮০ রানের ইনিংসেও দলকে বড় স্কোর এনে দিতে পারেননি। অন্য প্রান্ত থেকে যে কোনো সহযোগিতাই পাচ্ছিলেন না। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করা দিনেশ চান্ডিমালের ইনিংসটি ছিল ৭১ বলের! ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেতে মাত্র ২৭ রান খরচ করেছেন জসপ্রীত বুমরা।

এ জাতীয় আরও খবর