এল ক্লাসিকোতে খেলতে পারবেন নেইমার?
স্পোর্টস ডেস্ক : গোল আর গোলে সহায়তা—এই দুটি মিলিয়ে স্প্যানিশ লিগে গত চার মৌসুমে এল ক্লাসিকোতে বার্সেলোনার সবচেয়ে সফল খেলোয়াড় নেইমার। তিনটি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি গোল। আগামীকাল লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে আরেকটি দ্বৈরথে নামছে বার্সা—চলতি মৌসুমের বার্সেলোনার শেষ গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচেই ঠিক হয়ে যেতে পারে রিয়াল আর বার্সার শিরোপাভাগ্য। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে বড্ড প্রয়োজন বার্সার। কিন্তু ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে কি পাচ্ছে তারা?
প্রশ্নটি শুনে কেউ কেউ ভ্রু কুঁচকে তাকাতে পারেন। পাল্টা প্রশ্নও করতে পারেন—নেইমার তো লিগে তিন ম্যাচ নিষিদ্ধ, তাহলে সে খেলবে কী করে? মালাগার বিপক্ষে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। ড্রেসিংরুমে যাওয়ার আগে চতুর্থ রেফারিকে উদ্দেশ করে ব্যঙ্গাত্মক হাততালি দিয়েছিলেন। এতেই নিষেধাজ্ঞাটা হয়েছে তিন ম্যাচের। নেইমারের নিষেধাজ্ঞার পর লিগে একটি ম্যাচ খেলেও ফেলেছে বার্সা।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে লিগ কর্তৃপক্ষের কাছে আপিল করেছিল বার্সা। তাদের সেই আপিলে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। এরপরই বার্সা জানিয়েছিল, বিষয়টি নিয়ে তারা স্পেনের সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাবে। গতকাল সেখানে তারা আপিল করেছে বলে খবর দিয়েছে ইএসপিএন। এই আপিলের পর নেইমারের ক্লাসিকোতে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই আপিলের কারণে নেইমারের নিষেধাজ্ঞার শুরুটা দেরিতে হওয়ার সম্ভাবনা থাকছে। বার্সা মনে করছে, আপিল যেহেতু করা হয়েছে, তাই ক্রীড়া আদালতের সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত নেইমারের নিষেধাজ্ঞা স্থগিতই থাকবে।
কিন্তু স্পেনের ক্রীড়া আদালত যদি জরুরি সভা ডেকে আজই সিদ্ধান্ত নিয়ে নেয় আর সেটা নেইমারের বিপক্ষে যায়, তাহলে বার্সার সূক্ষ্ম আশাও যাবে শেষ হয়ে। সূত্র: ইএসপিএন।











