সুইফট ব্যাংক হ্যাক করেছে যুক্তরাষ্ট্র!
বেলজিয়ামের সুইফট বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তার ক্ষেত্রে সকল দুর্বলতার তথ্য ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে। কালোবাজারে এ তথ্যের দাম বিশ লাখ মার্কিন ডলারের বেশি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ যে টুলস তৈরি করেছে তাতে সুইফট গ্লোবাল ব্যাংকিং সিস্টেমের নিয়ম লঙ্ঘন হয়েছে। ধারণা করা হচ্ছে এ টুলস দিয়ে তারা তথ্য হ্যাক করেছে।
বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্র হ্যাক করে গোপনে সকল অর্থনৈতিক লেনদেন পর্যবেক্ষণ করেছে। এই তথ্য গত শুক্রবার শ্যাডো ব্রোকার নামে এক হ্যাকার দলের মাধ্যমে ফাঁস হয়। তারা ম্যালওয়্যার তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে হ্যাক করে।
যদি এ তথ্যগুলো সত্যি হয় তাহলে ২০১৩ উইকিলিকসের তথ্য ফাঁসের পর এটি আরো একটি বড় ধরণের ফাঁসের ঘটনা হবে। এ বিষয়ে টুইটারে স্নোডেন এটিকে সকল কীর্তিকলাপের মা বলে উল্লেখ করেন।
অধিকাংশ বিশেষজ্ঞরা বলছেন এ তথ্য সত্য। কিন্তু এর সঙ্গে জড়িত সংস্থাগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বা অস্বীকার করেছে। সুইফটের কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে আমাদের নেটওয়ার্ক বা বার্তা সেবায় কোনো অনধিকার প্রবেশ হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি এই তথ্যে সত্যতা যাচাইয়ে ব্যর্থ হয়েছে এবং এনএসএ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার পর থেকে সুইফট ব্যাংক হ্যাকারদের পরবর্তী লক্ষ্যস্থল ছিলো।
সুইফট একটি নেটওয়ার্ক ব্যবস্থা যা সারাবিশ্বের ব্যাংকের অর্থ লেনদেনে সহায়তা করে। হ্যাকাররা একটি কোড ব্যবহার করে সুইফটের সার্ভারে প্রবেশ করে এবং তাদের সমস্ত তথ্য পর্যবেক্ষণ করে। শ্যাডো ব্রোকাররা দাবি করছে যুক্তরাষ্ট্রের এনএসএ এই হ্যাকের সঙ্গে জড়িত।










