ধর্ষণের অভিযোগ প্রত্যাখান রোনালদোর
স্পোর্টস ডেস্ক :রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রত্যাখান করা হয়েছে।
সম্প্রতি জার্মানির পত্রিকা ‘ডের স্পাইজেল’এ রোনালদোর বিপক্ষে ধর্ষণের অভিযোগ ওঠে। এক নারীকে শারীরিকভাবে লাঞ্চিত করার পর মুখ বন্ধ রাখতে পর্তুগিজ সুপারস্টার নাকি ৩ লাখ ব্রিটিশ পাউন্ড দিয়েছিলেন। তবে রোনালদোর পক্ষ থেকে জোরালোভাবে সেই অভিযোগ অস্বীকার করা হয়।
ধর্ষণের শিকার নারী নাকি এক লিখিত চিঠিতে রোনালদোর নামে অভিযোগ তোলেন। এর পরিপ্রেক্ষিতে জার্মান পত্রিকায় একটি আর্টিকেল ছাপা হয়। তবে ৩২ বছর বয়সী রোনালদো এই ধর্ষণের ঘটনার কোনো সত্যতা নেই বলে দাবি করেন।
জার্মান পত্রিকার সংবাদ মিথ্যা দাবি করে রোনালদোর এজেন্ট জর্জে মেন্ডেস এক বিবৃতিতে বলেছেন, ‘ডের স্পাইজেলের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য রোনালদো সম্ভাব্য সবকিছুই করবেন। ধর্ষণের অভিযোগটি বিরক্তিকর এবং বাড়াবাড়ি। তিনি (রোনালদো) নিজের সম্মান হানি হয় এমন কিছু হতে দিবে না। অভিযোগকারী নারী সত্যতা প্রমাণ করতে সামনে আসতে অস্বীকার করছেন। পত্রিকাটি যেই অভিযোগ পাওয়ার কথা বলেছে সেটি ই-মেইলের মাধ্যমে পাঠানো এবং সেখানো কারো কোনো স্বাক্ষর নেই। তারা অভিযোগ পাওয়ার দাবি করে আসছে কিন্তু ক্রিস্টিয়ানো কখনোই কারো কাছ থেকে এমন অভিযোগ পায়নি।’
ধর্ষণের যেই অভিযোগ করা হয়েছে সেটি ২০০৯ সালের ঘটনা। ২০১০ সালে নাকি রোনালদো মুখ বন্ধ রাখার জন্য মোটা অঙ্কের অর্থ দেয়ার প্রস্তাব দেন। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কিছুদিন পরই নাকি রোনালদো এই বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান।











