মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির বিদায়ে নস্টালজিক হয়ে পড়েন সাকিবরা

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজার বিদায়ের খবর শুনে তাসকিন আহমেদ তো কেঁদেই দিয়েছিলেন। সাকিব আল হাসান জানালেন, অধিনায়কের বিদায়ের দিন নস্টালজিক হয়ে পড়েছিলেন দলের সবাই।

গত সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলে এই ফরম্যাটকে বিদায় বলেছেন মাশরাফি। বিদায়ী ম্যাচে মাশরাফিকে জয় উপহার দিয়েছেন সতীর্থরা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে সাকিব হয়েছেন ম্যাচসেরা।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি শেষ করে পরের দিনই আইপিএল খেলতে গুজরাটে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে যোগ দেন সাকিব। প্রথম দুই ম্যাচে অবশ্য একাদশে ছিলেন না। ভারতের ওয়ানইন্ডিয়া ডটকমকে সাকিব জানালেন, মাশরাফির বিদায়ের দিনে তাদেরকে ছুঁয়ে যাওয়া আবেগের কথা।

‘আমাদের সবার জন্য আবেগময় একটা দিন ছিল সেদিন। বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি একটি বড় চরিত্র। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তার অবসরে আমরা সবাই নস্টালজিক হয়ে পড়েছিলাম।’

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩৮ রানের পর হাত ঘুরিয়ে ২৪ রানে ৩ উইকেট নেন সাকিব। এই পারফরম্যান্স আইপিএলে ভালো করার আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানালেন সাকিব, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দলের শেষ ম্যাচে রান পাওয়ায় আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আমার আত্মবিশ্বাস বেড়েছে।’

কলকাতা দলটাকে এবারের আইপিএলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল মনে করছেন দুবার দলটির হয়ে শিরোপা জেতা সাকিব, ‘এই মৌসুমে আমরা সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। আপনি যদি আমাদের বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়ের দিকে তাকান, শিরোপার দৌড়ে আমরা সামনে আছি।’

এ জাতীয় আরও খবর