ইসিতে নারী চায় না খেলাফত আন্দোলন
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার হিসেবে কোনো নারীকে রাখার পক্ষপাতি নয় ইসলামভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটি মনে করে, নির্বাচনের মধ্যে অনেক চাপ থাকে। এসব ‘গুরুত্বপূর্ণ’ কাজ ‘মহিলাদের’ দ্বারা হয়ে উঠবে না।
নির্বাচন কমিশন গঠন নিয়ে আজ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন খেলাফত আন্দোলনের নেতারা। মহাজোট, ২০-দলীয় জোট, আলেমদের প্রস্তাবিত একজন করে তিনজন এবং বাকি দুজন নিরপেক্ষ নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নিজের পছন্দমতো নিয়োগসহ আট দফা প্রস্তাব করেছে খেলাফত আন্দোলন।
বৈঠক শেষে দলের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী বলেন, ‘এখানে তো অনেক যোগ্য পুরুষই রয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচনের মধ্যে অনেক চাপ একসঙ্গে পড়ে যায়। সেখানে এত গুরুত্বপূর্ণ কাজ মহিলাদের দ্বারা অনেক সময়ে হয়ে ওঠে না। এ জন্য আমরা এখানে পুরুষের কথাই বলছি। মহিলাদের কথা বলিনি।’
এদিকে বঙ্গভবনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত (চেয়ারম্যান) হাফেজ মাওলানা কারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজি হুজুরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।
দলের নেতারা বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা একটি মহান উদ্যোগ। রাষ্ট্রপতি গোটা জাতির মুরুব্বি।’ নেতারা আশা প্রকাশ করেন, এই আলোচনার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় একটি গুণগত পরিবর্তনের দ্বার উন্মোচিত হবে। তাঁরা বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি শক্তিশালী, দক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠন আবশ্যক।’ তাঁরা সংবিধানের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে আইন প্রণয়নের প্রস্তাব করেন।
নেতারা নির্বাচন কমিশনের ধারাবাহিকতা রক্ষা এবং পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে একাধিক ধাপে নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাব করেন। নির্বাচন কমিশন যাতে স্বাধীন ও সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ারও প্রস্তাব করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খেলাফত আন্দোলনের প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানান। তিনি বলেন, ‘রাজনীতিতে নীতি-নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।’
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।











