বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার বিএনপিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে : মির্জা ফখরুল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামী শনিবার রাজধানীতে সমাবেশ করতে অনড় বিএনপি। আজ বৃহস্পতিবার এক যৌথসভা শেষে এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে আজ এক টুইট বার্তায় জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিতে দলের নেতাকর্মী ও সব শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। টুইট বার্তায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণের দিন পাঁচ জানুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করবেন। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া দিবসটি পালনে আজ সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিলে ‘শান্তিপূর্ণ’ কর্মসূচিতে বাঁধা দিয়ে সরকার সংঘাতময় পরিস্থিতির উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের দল যখন বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছিলো তখন একদিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা পুলিশ-র‌্যাব ব্যবহার করে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছে। অন্যদিকে তাদের দলীয় পেটুয়া বাহিনী দিয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করেছে।
তিনি বলেন, আমাদের নয়া পল্টনের অফিসের সামনে প্রজন্ম লীগ নামে তাদের একটি পেটুয়া বাহিনী আমাদের ব্যানার পুড়িয়ে দেয় এবং তাণ্ডব সৃষ্টি করে একজন কর্মীকে মারধর করে। পুলিশের উপস্থিতিতে এটা হয়েছে। পুলিশের উপস্থিতিতে যখন এ ধরনের ঘটনা ঘটে তাহলে আপনারা বুঝতে পারেন যে কী ধরনের প্রভোকেশন (উত্তেজনা) সরকার করছে। অর্থাৎ তারা চাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে বিএনপিকে একটা উত্তেজনাকর অবস্থার মধ্যে নিয়ে যাওয়া বিএনপিকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দেয়া। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা সংঘাত চাই না। আমরা সংঘাত এড়িয়ে গণতান্ত্রিকভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই। সারাদেশে কালো পতাকা মিছিলে হামলা ও নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ব্যানার পোড়ানোর ঘটনার নিন্দা ও প্রতিবাদও জানান বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা’ হিসেবে ঢাকা বাদে সারাদেশে মহানগর ও জেলাগুলোতে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে বিএনপি। আগামী ৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশেরও ঘোষণা দেয়া হয়েছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, অঙ্গসংগঠনের অ্যালবার্ট পি কস্টা, ইশতিয়াক আজিজ উলফাত, ঢাকা জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, মিলন মেহেদী, হাফেজ আবদুল মালেক, আবুল কালাম আজাদ, মীর আলী নেওয়াজ, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ উপলক্ষে এই যৌথ সভা হয়। সংবাদ সম্মেলনে নারায়নগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, নাটোর, টাঙ্গাইল, নোয়াখালী, বরিশাল ও ময়মনসিংহে কালো পতাকা মিছিলের কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলার বিবরণী ও বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের গ্রেফতার ও আহত করার তথ্য তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতে আগে থেকেই তাদের (আওয়ামী লীগ) নেতারা ঘোষণা দিলেন, বিএনপিকে ৫ তারিখ মাঠে নামতে দেয়া হবে না। এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে। এ থেকে এটাই প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা পরমতসহিষ্ণু নয়, তাদের সহনশীলতার লেশ মাত্র নেই। আমাদের দল যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলো, ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের কর্মসূচি বানচালের চেষ্টা করেছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি যে, একমাত্র সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পাওয়া যেতে পারে এবং সরকার পরিবর্তন করা যেতে পারে। সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হওয়ায় তারা কোনো মতেই সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক নির্বাচন হতে দিতে চায় না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তা দেখা গেছে। সেজন্য কীভাবে বিএনপিকে দূর্বল করা যায় সে কাজটি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুরু করেছে। আসল উদ্যোগ দেশকে বিরাজনীতিকরণ করে একদলীয় শাসনব্যবস্থাকে প্রতিষ্ঠানিকতা দেয়া। সেজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য মিথ্যা মামলা দেয়ার কাজ করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সরকার সন্ত্রাস সৃষ্টি করছে এমন মন্তব্য করে তিনি আরো বলেন, নয়া পল্টনের কার্যালয়ের সামনে প্রজন্ম লীগের ঘটনা একটা উস্কানি। এখন প্রমাণিত হয়ে গেলো সন্ত্রাস কারা করছে? একদিকে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস করছে, অন্যদিকে তারা দলীয় সন্ত্রাস করছে। অথচ সবসময় দোষারোপের চেষ্টা করছে, বিএনপি সন্ত্রাসের সাথে জড়িত। কিন্তু আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বিএনপি কখনোই সন্ত্রাসের সাথে জড়িত ছিলো না, বরং বিরোধিতা করেছে। অতীতেও আওয়ামী লীগ সন্ত্রাস সৃষ্টি করেছে, এখনো করছে।
অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে সন্ত্রাস-হত্যা-গুম-খুন যেভাবে ঘটছে যে রাষ্ট্র আছে বলে মনে হয় না। আমরা মনে করি, আওয়ামী লীগের সরকারে থাকার নৈতিক কোনো অধিকার নেই, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকার। তাদের উচিৎ অবিলম্বে সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের হাতে সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেয়া।
শনিবারের সমাবেশে থাকবেন খালেদা জিয়া
আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে পুলিশের অনুমতি না পেলেও দলের প্রস্তুতির কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা যৌথসভায় সমাবেশ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেদিন দুপুর দেড়টায় সমাবেশ শুরু হবে। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই জনসভায় আমরা আশা করছি, আমরা যথা সংখ্যক জনগণ নিয়ে এই জনসভাটি করতে পারবো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।
প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা

এছাড়া গাইবান্ধায় আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘটনার তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, যেকোনো ঘটনার ক্ষেত্রে প্রাক উক্তি বিশেষ করে- গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার পরে পরেই আমরা যেটা বলেছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু দু:খজনকভাবে এটা তো হবেই না। উপরন্তু এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য প্রধানমন্ত্রী স্বয়ং উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে, তার পরিবার থেকে কথা উঠে এসেছে, তার দলের লোকও জড়িত থাকতে পারে। প্রধানমন্ত্রীর প্রাক উক্তির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।
মির্জা ফখরুল বলেন, যে প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করেছে, এতে হিংসা-সহিংসতা আরো ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তারাই এদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমরা এর আগে বলেছিলাম যে এ ধরণের ভয়াবহ বিষয়গুলোতে আপনারা এভাবে ব্যবস্থা নেবেন না। তাতে করে যে আগুন জ্বলে উঠবে তাতে আগুনকে নেভানো কিন্তু কঠিন হয়ে উঠবে। আজকে সেটাই ঘটছে। যেভাবে সন্ত্রাস-গুম-হত্যা-খুন হচ্ছে, অনেকের কাছে রাষ্ট্র আছে বলে মনে হয় না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ