সরকার এরশাদের সাথে প্রতারণা করছে : গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক : সরকার আদালতকে ব্যবহার করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুুসেইন মুহম্মদ এরশাদের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ১ জানুয়ারি জাতীয় পার্টির মহাসমাবেশে এরশাদ বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচনে না গেলে আবার আমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হতো। তার এ কথার মধ্য প্রমাণিত হয় সরকার আদালতকে ব্যবহার করে তার সাথে প্রতারণা করছে। তার ২০ বছর আগের মামলার রায় ঝুলিয়ে রেখে তাকে ব্যবহার করছে। তাকে চাপে রাখতে মৃতপ্রায় মামলাগুলোও সচল করছে সরকার।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কলঙ্কিত ৫ ই জানুয়ারির নির্বাচন এবং আজকের প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামক একটি সংগঠন।
সদ্য শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি নির্বাচনের আগেই বলে ছিলাম সরকার নাসিকে নতুন কৌশল অবলম্বন করবে। সেটিই প্রমাণিত হয়েছে। নাসিকে ভোট ডাকাতি হয়নি, চুরি হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামকে জিজ্ঞাস করলেই জানা যাবে। কারণ তিনি মাঝে মাঝে সত্য কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে সহায়ক সরকারের অধিনে নির্বাচনের ব্যবস্থা করে গণতন্ত্র ফিরিয়ে দিন। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, হবে না। ভিনদেশীদের শক্তি নিয়ে যত কথাই বলুন, এদেশে গণতন্ত্রের বসন্ত আসবেই। গণতন্ত্র ছাড়া এ রাষ্ট্র কখনও বেশি দিন চলতে পারেনি।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জন ছিল বিএনপির শ্রেষ্ঠ সিদ্ধান্ত। এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে উপহাস করা হয়েছে। যা আমাদের প্রতারক জাতিতে প্রমাণিত করেছে। এই নির্বাচন বর্জন করা ছিল আমাদের শ্রেষ্ঠ সিদ্ধান্ত।
৫ জানুয়ারি বিএনপিকে রাস্তায় নামতে দেয়া হবে না- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের এমন বক্তব্যের সমালোচনা করে দুদু বলেন, তিনি (হানিফ) সরাসরি বিএনপিকে হুমকি দিয়েছেন। এই হুমকি আমরা দিলে ১০টি মামলা হয়ে যেত।
আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, নিপুণ রায় চৌধুরী, বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।











